বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে ‘গুলি বর্ষণকারী’ যুবক গ্রেপ্তার
আন্দোলনের সময় এক কিশোর হত্যা মামলার আসামি তিনি।
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘গুলিবর্ষণের’ ঘটনায় একজনকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার রামপুর এলাকা থেকে মো. ফিরোজ (৩৬) নামে এ যুবককে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাব।
গ্রেপ্তার ফিরোজ চট্টগ্রাম মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে র্যাবের ভাষ্য।
পুলিশের বিশেষ এ ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নগরীতে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচিতে দলবল নিয়ে গুলি ছুঁড়েছিলেন ফিরোজ। পাশাপাশি মারধর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়।
এসময় সায়মন ওরফে মাহিন নামে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হওয়ার তথ্য তুলে ধরে র্যাব বলেছে, এ মৃত্যুর ঘটনায় ফিরোজসহ ৪৪ জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করা হয়। ফিরোজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, নাশকতাসহ অন্তত পাঁচটি মামলা আছে।
