১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বাসে অবরোধকারীদের আগুন

“তারা লাঠি দিয়ে ভাংচুর শুরু করলে বাসে থাকা যাত্রীরা নেমে পড়ে। তখন তারা আগুন ধরিয়ে দেয়।"

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 10:38 AM

Updated : 01 Nov 2023, 10:38 AM

বিএনপি-জামায়াতের অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস ভাংচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার সকালে কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনায় কেউ হতাহত হননি।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি শ্রমিক নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিল। ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় অবরোধকারীরা হামলা চালায়।

“তারা লাঠি দিয়ে ভাংচুর শুরু করলে বাসে থাকা যাত্রীরা নেমে পড়ে। তখন তারা আগুন ধরিয়ে দেয়।"

বিএনপির শনিবারের সমাবেশ ঘিরে সংঘর্ষ এবং পরদিন রোববার হরতালের পর মঙ্গল থেকে বৃহস্পতিবার সারা দেশে তিন দিনের এই অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি। একই কর্মসূচি দিয়ে রেখেছে জামায়াত।

অবরোধের প্রথম দিন মঙ্গলবার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। সকালে ইপিজেড থানার সি-মেনস হোস্টেল এলাকায় যাত্রীবেশে উঠে ওই ঘটনা ঘটায় কয়েকজন।

তার আগের দিন রাতেও নগরীর দামপাড়া এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।