‘সাংবাদিক পরিচয়ে ডাকাতি’: চট্টগ্রামে গ্রেপ্তার ৭
“তারা দুই ঘণ্টার বেশি সময় ধরে ডাকাতি করেন। যাওয়ার সময় একটি গাড়িও নিয়ে যান,” বলেন পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান।
চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে বাসায় গিয়ে ডাকাতির অভিযোগে সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ।
নগরীর বায়েজিদ থানা, ইপিজেড, পতেঙ্গা ও কোতয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়; উদ্ধার করা হয় ডাকাতি হওয়া গাড়ি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির, রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।
বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, গত ১০ অক্টোবর সাংবাদিক ও ‘ফুড প্যান্ডার’ খাবার সরবরাহকারী হিসেবে পরিচয় দিয়ে ১০ থেকে ১২ জন খুলশীর একটি বহুতল ভবনে প্রবেশ করেন। এরপর তারা দুই ঘণ্টার বেশি সময় ধরে ডাকাতি করেন। যাওয়ার সময় একটি কারও নিয়ে যায়।
গোয়েন্দা পুলিশ ছায়া তদন্তে নেমে টানা ২৪ ঘন্টা অভিযান চালিয়ে সাহেদ নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে অন্যদের গ্রেপ্তার করা হয়। পতেঙ্গা এলাকার একটি গ্যারেজ থেকে কারটি উদ্ধার করা হয় বলে জানান উপকমিশনার হাবিবুর।
পুলিশ জানায়, ডাকাতির সময় ওই বাসায় কোনো পুরুষ লোক ছিল না। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গহনা, নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যায়। একপর্যায়ে বাসার নিচে থাকা গাড়িতে তল্লাশি চালানো হবে বলে গৃহকত্রীর্কে নিচে নিয়ে যান। এরপর চাবি কেড়ে নিয়ে গাড়িসহ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। পরে এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়।
