ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে মুক্তিযোদ্ধার ‘আত্মহনন’
ক্যান্সারের যন্ত্রণায় অসহ্য হয়ে আত্মহত্যা করেছেন বলে চিরকুটে লিখে গেছেন তিনি।
চট্টগ্রামে ‘চিরকুট লিখে’ ক্যান্সার আক্রান্ত এক মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, রোববার বিকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে বীর মুক্তিযোদ্ধার নাম আবু সাইদ সরদারের (৭০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ওসি রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। বাসায় তিনি ছাড়াও ছেলে, ছেলের বৌ থাকতেন। আজকে তারা দাওয়াতে গিয়েছিলেন। সে সময় তিনি আত্মহত্যা করেছেন।”
তিনি বলেন, “লাশ উদ্ধারের সময় সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে লিখে গেছেন।
“মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার অনেকদিন ধরে আত্মহত্যার সুযোগ খুঁজছিলেন এবং আজকে কেউ বাসায় না থাকায় সে সুযোগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলেও চিরকুটে লিখেছেন।”
