২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাদির মৃত্যু: চট্টগ্রামে ভারতের সহকারি হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান

“যারা হাই কমিশনের সামনে অবস্থান নিয়েছিলেন, তাদের সরিয়ে দেওয়া হয়েছে,” বলেন খুলশী থানার ওসি।

হাদির মৃত্যু: চট্টগ্রামে ভারতের সহকারি হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর চট্টগ্রাম নগরীর নগরীর ২ নম্বর গেটে অবস্থান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 12:08 AM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারি হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর খুলশী এলাকায় কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

এই কর্মসূচির খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। 

হাদির মৃত্যুর খবর প্রকাশের পরপরই রাত পৌনে ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। অন্যদিকে আন্দোলনকারীদের আরেকটি অংশ নগরীর ২ নম্বর গেটে অবস্থান নিয়েছে।

খুলশীতে  ভারতীয় সহকারি হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেয়ারা হাদির মৃত্যুর প্রতিবাদের আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দিতে থাকে।  পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের কিছুটা সরিয়ে দেয়। 

নগরীর খুলশী থানার ওসি শাহিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা হাই কমিশনের সামনে অবস্থান নিয়েছিলেন, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সেখানে আছেন।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।

চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

ঢাকায় হাদির অস্ত্রোপচারে অংশ নেওয়ো নিউরোসার্জন আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের হাদির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে এক বার্তায় বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”