২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে হামলা, গ্রেপ্তার ২

বান্দরবান সদর উপজেলার সিকদার পাড়া থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 09:14 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের বহনকারী গাড়িতে হামলায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের করেছে পুলিশ।

বৃহস্পতিবার বান্দরবান সদর উপজেলার সিকদার পাড়া থেকে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান।

ওই দুজন হলেন- কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।

উপ-কমিশনার মাহবুব বলেন, “ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরার ভিডিও দেখে তিন হামলাকারীকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে দুইজনকে ভোরে বান্দরবানের সিকদার পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে থাকা অপরজনকেও শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।”

গত ৪ ডিসেম্বর সকালে আগ্রাবাদ সিডিএ এলাকায় মোটরসাইকেলে করে এসে চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খান ও বদরুল আরেফীনকে বহনকারী প্রাইভেটকারে চাপাতি দিয়ে হামলা করে কয়েকজন।

সেদিন রাতেই তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেন রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান।

গোয়েন্দা কর্মকর্তা মাহবুব বলেন, “নির্দেশদাতা ব্যক্তিকেও আমরা শনাক্ত করেছি। তবে অভিযানের স্বার্থে নির্দেশদাতা ব্যক্তির নাম প্রকাশ করছি না।”

চট্টগ্রাম নগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পূর্ব-পরিকল্পনা অনুসারে মোটরসাইকেলে করে আসা তিন যুবক কাস্টমস কর্মকর্তাদের বহনকারী গাড়িটি গতিরোধ করে। সেসময় গ্রেপ্তার সুজন চাপাতি দিয়ে গাড়ির সামনের গ্লাসে আঘাত করে। তখন তাদের দলে থাকা অন্য একজন জোরে জোরে বলতে থাকে ‘গুলি কর, গুলি কর’। 

কাস্টমস কর্মকর্তাকে ‘ভয় দেখাতে’ এ পরিকল্পনা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে চট্টগ্রাম নগর পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করলে তারা পালিয়ে যায়। হামলার সময় ব্যবহার করা মোটরসাইকেলটি নির্দেশদাতার ব্যক্তির।”

ঘটনার পর এনবিআর বলেছে, মিথ্যা ঘোষণায় আনা পণ্য খালাসে বাধা দেওয়া ও রাজস্ব ফাঁকি ঠেকাতে নেওয়া উদ্যোগে রুষ্ট ‘একটি পক্ষ’ চট্টগ্রামে দুই কাস্টমস কর্মকর্তার ওপর হামলা করে থাকতে পারে।

রাজস্ব ফাঁকি রোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করায় নিষ্ঠাবান কর্মকর্তারা আক্রমণের শিকার হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সংস্থাটি।