Published : 27 Dec 2025, 11:59 AM
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতির হাট এলাকায় কয়েকটি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে।
শুক্রবার রাতে হাট ইউনিয়নের পূর্ব ধলই গ্রামের আরবান আলী সওদাগর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত হয়নি; তবে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের ফটিকছড়ি স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল উদ্দিন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে সেখানকার ১৪টি বসতবাড়ি পুড়ে গেছে।
কামাল উদ্দিন জানিয়েছেন, শুক্রবার রাত ১০টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টার আগ দিয়ে আগুন নির্বাপণের কাজ শেষ হয়।
কামাল উদ্দিন বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আরবান আলী সওদাগর বাড়ির কয়েকটি কাঁচা ঘর পুড়ে গেছে।
"আগুনে ক্ষতি ২০ লাখ টাকার। উদ্ধার করা হয়েছে ৩০ লাখ টাকার মালামাল।"
সেখানকার বাসিন্দারা বলেছেন, আগুন লাগার পরপর শুরুতে নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। তবে কাঠ ও টিনের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।