যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ পার হওয়া নিয়ে অনিশ্চয়তায় ‘বাংলার জয়যাত্রা’
চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান বলেন, “অনিশ্চয়তা তৈরি হলেও আমরা নাবিকেরা যে কোনো ধরনের পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুত।”
ইরানে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর হরমুজ প্রণালি পার হতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে দুদিন আগে যাত্রা করেছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছালেও ইরানি কর্তৃপক্ষের অনুমতি না মেলায় বাংলাদেশি মালিকানাধীন জাহাজটি যাত্রা স্থগিত করে সংযুক্ত আরব আমিরাতের ‘মিনা সাকার’ বন্দরের জলসীমার বাইরে নোঙ্গর করে আছে। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসির মালিকানাধীন এমভি বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন শফিকুল ইসলাম শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আরব আমিরাতের বন্দরটির জলসীমার বাইরে অবস্থান করছি। ইরানি কর্তৃপক্ষের অনুমতি না মেলায় হরমুজ পার হতে পারছি না।”
যুদ্ধবিরতি শুরুর পর বাংলাদেশ সময় বুধবার ভোরে রাস আল খাইর বন্দর থেকে যাত্রা করেছিল বাংলার জয়যাত্রা। জাহাজটিতে ৩৭ হাজার টন সার রয়েছে। জাহাজের পরবর্তী গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে জয়যাত্রা হরমুজ প্রণালীর ৬০ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়। কিন্তু ইরানি কর্তৃপক্ষেল অনুমতি না মেলায় সেটি ঘুরিয়ে আরব আমিরাতের মিনা সাকার বন্দরের কাছে গিয়ে অবস্থান নেয়।
এমভি জয়যাত্রার চিফ ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বৃহস্পতিবার গভীর রাতে হরমুজ প্রণালি পার হতে চাইলেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ক্লিয়ারেন্স মেলেনি।
“নিরাপত্তা বিবেচনায় আমরা মিনা সাকার বন্দরের জলসীমার কাছে অবস্থানের সিদ্ধান্ত নিই। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমরা জাহাজের নোঙ্গর ফেলি।”
নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “যুদ্ধবিরতি চললেও কেন আমাদের জাহাজকে হরমুজ পার হতে দেওয়া হল না, সেটা আমরা জানতে পারিনি।”
অনমুতি না মেলা পর্যন্ত জাহাজ আরব আমিরাতের জলসীমায় অপেক্ষা করবে জানিয়ে রাশেদুল হাসান বলেন, “অনমুতি মিললে আমরা এখান থেকে হরমুজের উদ্দেশ্যে রওনা দেব।”
জাহাজটি হরমুজ প্রণালি পার হবার পর আরব আমিরাতের শারজাহ বন্দর থেকে খাবার, পানি ও জ্বালানি তেল সংগ্রহ করার কথা ছিল।
চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান বলেন, “অনিশ্চয়তা তৈরি হলেও আমরা নাবিকেরা যে কোনো ধরনের পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুত। গভীর সমুদ্রে র্দীঘদিন থাকা বা যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেওয়ার মানসিকতা আমাদের রয়েছে।”
জাহাজে চলার জন্য প্রয়োজনীয় খাবার-পানি ও জ্বালানি তেল রয়েছে বলেও জানান তিনি।
বাংলার জয়যাত্রা জাহাজটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে গত ২৬ জানুয়ারি। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে পণ্য নিয়ে যায় জাহাজটি। গত ২৬ ফেব্রুয়ারি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরের বহির্নোঙ্গরে আসে বাংলার জয়যাত্রা। পরদিন বন্দরের ১০ নম্বর টার্মিনালে ভেড়ে সেটি।
এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হলে পণ্য খালাস বিলম্বিত হয়। একদিন পর জাহাজ থেকে ২০০ মিটার দূরত্বে একটি তেল রিজার্ভারে মিসাইল হামলার পর আগুন ধরে যায়। এমন পরিস্থিতিতে জাহাজটির ৩১ বাংলাদেশি নাবিকের মধ্যে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
তবে কয়েক দিন পর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। খালাস শেষে জাহাজটির পুনরায় কাতারে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতে সেটি বাতিল হয়। জাহাজটি ভাড়া করা কোম্পানি দাভা সিঙ্গাপুর পরবর্তী গন্তব্য মুম্বাই ঠিক করার পর হরমুজ পার হতে রওনা দিলেও আরব আমিরাতের কোস্ট গার্ডের সদস্যরা জাহাজটিকে নিরাপদে সরে গিয়ে ঝুঁকির্পূণ এলাকা ত্যাগের নির্দেশ দেয়।
এরপর থেকেই জাহাজটি শারজাহ বন্দরের জলসীমায় অবস্থান নিয়ে ছিল। সবশেষ সেখান থেকে সৌদি আরবের রাস আল খাইর বন্দরে ভিড়েছিল বাংলার জয়যাত্রা।
গত দুই মাসে পারস্য উপ-সাগরের বিভিন্ন বন্দরে অবস্থানকালে প্রায় প্রতিদিনই জাহাজ থেকে মিসাইল বা ড্রোন হামলা দেখেছেন নাবিকরা।
পুরনো খবর
