পটিয়ায় স্কুলে যাওয়ার পথে মারধরের শিকার প্রধান শিক্ষক
“বিদ্যালয়ের সভাপতি নিয়োগ কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে,” বলেন মারধরে আহত শিক্ষক।
চট্টগ্রামের পটিয়ায় স্কুলে যাওয়ার সময় মাঝ রাস্তায় একদল যুবকের মারধরে আহত হয়েছেন এক প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া পৌর সদরের বিওসি রোডে অটোরিকশা থামিয়ে তাকে মারধর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আহত শ্যামল কান্তি দে পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্কুলটির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা বলছেন, শিক্ষক শ্যামল দে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন। তার সঙ্গে স্কুলের আরও দুজন শিক্ষক ছিলেন। পটিয়া বিওসি রোডের কেলিশহর রাস্তার সংযোগ এলাকায় গেলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা সাত-আটজন যুবক অটোরিকশা আটকে শ্যামল দেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাইদগাঁও স্কুলের প্রধান শিক্ষককে কে বা কারা মারধর করেছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়।”
মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে বলেন, “বিদ্যালয়ের সভাপতি নিয়োগ কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও আমাকে একাধিকবার হুমকি দিয়েছে। এজন্য জীবনের নিরাপত্তা চেয়ে পটিয়া থানায় দুটি সাধারণ ডায়েরিও করেছিলাম।”
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, “ঘটনাটি পুলিশকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”
