২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগর পিতা নয়, ‘সেবক’ হতে চান মেয়র শাহাদাত

সবার সহযোগিতায় চট্টগ্রাম শহরকে 'ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি' হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 02:57 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

সব ধর্মের-বর্ণের মানুষের শহরের ‘নগর পিতা’ হয়ে হয়, ‘সেবক’ হিসেবে কাজ করতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

নগরবাসীকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতায় চট্টগ্রাম শহরকে 'ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি' হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তিনি। 

শাহাদাত বলেছেন, "আমি এই ৭০ লক্ষ মানুষের চট্টগ্রাম শহরের নগর পিতা হয়ে নয়, শহরে সকল ধর্মের, জাতির, বর্ণের মানুষের পাশে থেকে নগর সেবক হিসেবে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা চাই।" 

মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ট্রেনে চেপে বন্দরনগরীর পুরাতন রেল স্টেশনে এসে পৌঁছান নতুন এই মেয়র। সেখানে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছিলেন শাহাদাত হোসেন।

নির্বাচনের সাড়ে তিন বছর পর নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত মেয়র শাহাদাত হোসেন শপথ নিয়েছেন সোমবার।   

২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট।

ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ওই মাসেই নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত। সরকার পরিবর্তনের পর এ বছরের ১ অক্টোবর সেই মামলার রায়ে শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন।

আদালতের রায় অনুযায়ী ইসি সচিবালয় ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনের বিজ্ঞপ্তি জারি করে। এরপরই তাকে শপথ পাঠ করান হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহাদাত বলেন, "আমি চির ঋণী, আপনাদের প্রতি আমার যে ঋণ তা কীভাবে শোধ করব জানি না।  

"আমার ভাইয়েরা বোনেরা, ৪৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা গত ১৮ বছরে ঘরে থাকতে পারেননি। আপনাদের পাশে কেউ ছিল না। আপনাদের অসহায়ত্ব আমি দেখেছি। সারাদেশে ৬০০ এর অধিক গুম হয়েছে। মানুষ অসংখ্য মামলা নির্যাতনের স্বীকার হয়েছে৷ ১ লাখ মামলায় ৬০ লাখ আসামি হয়েছে, তবু কেউ বিএনপির আদর্শ ছাড়েনি।" 

পেশাজীবীদের ধন্যবাদ দিয়ে নতুন মেয়র বলেন, "সাংবাদিকরা সমস্ত আইসিটি মামলার বিরুদ্ধে গিয়েও, আপনাদের কথা বলার স্বাধীনতা না থাকার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয় হামলা মামলার তথ্য তুলে ধরেছেন। 

"আমি আপনাদেরই সন্তান। এ শহর আমার একার নয়। আমাকে একটু সময় দিন, আমি কথা দিয়েছিলাম। ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে আমি তা পালন করব।”

শাহাদাত তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদসহ আরো কয়েকজনের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জানান।

মেয়রের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে পুরাতন রেল স্টেশনে সভা ঘিরে সড়কে যানজটের সৃষ্টি হয়। 

যা রেল স্টেশন থেকে নিউমার্কেট হয়ে কোতোয়ালী মোড় থেকে লালদীঘির পাড়, অন্যদিকে নিউমার্কেট মোড় থেকে জুবিলি রোড এবং পুরাতন রেল স্টেশন থেকে বিআরটিসি হয়ে টাইগারপাস পর্যন্ত ছড়িয়ে পড়ে৷