০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কা ওয়ানডে দলে ফিরলেন আভিশকা

২০২৫ সালের ফেব্রুয়ারির পর দেশের হয়ে প্রথমবার ওয়ানডে খেলার হাতছানি এই ব‍্যাটসম‍্যানের সামনে।

শ্রীলঙ্কা ওয়ানডে দলে ফিরলেন আভিশকা

আভিশকা ফার্নান্দো। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 06:34 PM

Updated : 04 Oct 2026, 06:34 PM

আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন‍্য শ্রীলঙ্কা দলে ফিরেছেন আভিশকা ফার্নান্দো। ২০২৫ সালের ফেব্রুয়ারির পর প্রথমবার দেশের হয়ে এই সংস্করণে খেলার হাতছানি তার সামনে।

ত্রিদেশীয় সিরিজ হবে পাকিস্তানে। টুর্নামেন্টের অন‍্য দল ইংল‍্যান্ড।

এই টুর্নামেন্টের জন‍্য ১৬ সদস‍্যের শ্রীলঙ্কা ডাক পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার সাহান আরাচ্চিগে। চোট পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গার জায়গায় এসেছেন তিনি।

আভিশকা এসেছেন চারিথ আসালাঙ্কার জায়গায়। জাতীয় দলে ফেরার পর টিকে থাকতে পারলেন না আসালাঙ্কা। পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও বাদ পড়েন তিনি। আসালাঙ্কা বাদ পড়ার পর কোনো সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ঘরোয়া ক্রিকেটে ভালো করে দলে ফিরেছেন আভিশকা। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবশেষ তিন ম‍্যাচে ক‍্যারিয়ার সেরা ১৬০ রানসহ দুটি শতরানের ইনিংস খেলেছেন তিনি। শ্রীলঙ্কার ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতার এবারের আসরে এখন তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক।

এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী দলের সদস‍্য ছিলেন আরাচ্চিগে। তৃতীয় স্থান নির্ধারণী ম‍্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৭ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। নিজের পাঁচ ওয়ানডের সবশেষটি তিনি খেলেন ২০২৪ সালের জানুয়ারিতে। তিন ইনিংসে তার সর্বোচ্চ ৫৭।

এখনও পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পাথুম নিসাঙ্কা ও দুশমান্থা চামিরাকে দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, মেডিকেল বিভাগ থেকে সবুজ সংকেত পেলে দলের সঙ্গে পাকিস্তানে যাবেন নিসাঙ্কা। আর ফিটনেস ঠিক থাকা সাপেক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন চামিরা।

আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে এর ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলঙ্কা দল: কুসাল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুশমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা।