২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এসেই সাকিব-আফিফদের ম্যাচ দেখলেন শ্রীরাম

প্রথম দিন মাঠে এসে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ দেখলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক‍্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া সাবেক ভারতীয় ক্রিকেটার।

বাংলাদেশে এসেই সাকিব-আফিফদের ম্যাচ দেখলেন শ্রীরাম

ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 09:23 PM

Updated : 21 Aug 2022, 10:07 PM

হওয়ার কথা ছিল ম্যাচ পরিস্থিতির অনুশীলন। তবে শেষ পর্যন্ত তা অনেকটা রূপ নিল প্রস্তুতি ম্যাচে। তাতে একটা ব্যাপার ভালোই হলো। শ্রীধরন শ্রীরাম শুরুতেই আঁচ পেলেন, কেমন চ্যালেঞ্জ তার অপেক্ষায়! বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন টেকনিক‍্যাল কনসালটেন্ট মাঠে বসে অনেকটা সময় দেখলেন সাকিব আল হাসান ও আফিফ হোসেনের দলের লড়াই।

নতুন দায়িত্ব নিতে রোববার বাংলাদেশে আসেন শ্রীরাম। ঢাকায় পা রেখেই সাবেক ভারতীয় অলরাউন্ডার ঢু মারেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। মাঠে তখন চলছে লাল ও সবুজ দলের ম্যাচ।

এশিয়া কাপের দলের বেশির ভাগ সদস‍্য ছিলেন লাল দলে। সবুজ দল সাজানো হয়েছিল উঠতি ক্রিকেটারদের দিয়ে। তবে অনুশীলনের জন্য চার বোলার তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মিরাজ ও নাসুম আহমেদ খেলেন এই দলটির হয়ে।

এশিয়া কাপের স্কোয়াডে ওপেনার কেবল দুই জন এনামুল হক ও পারভেজ হোসেন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ কদিন আগে বলেছিলেন, মিডল অর্ডার থেকে কাউকে টপ অর্ডারে খেলানোর পরিকল্পনা করছে দল। ওপেনার নিয়ে তাই বাড়তি কৌতূহল ছিল প্রস্তুতি ম্যাচেও।

এ দিনের ম্যাচ থেকে আভাস পাওয়া গেল কিছুটা। সবুজ দলের হয়ে ইনিংস উদ্বোধন করেন মেহেদী হাসান মিরাজ। বড় ইনিংস খেলতে না পারলেও কিছুটা ঝলক ঠিকই দেখান এই অফ স্পিনিং অলরাউন্ডার। ২১ বলে এক ছক্কা ও তিন চারে করেন ২৯ রান। ম‍্যাচের চার ওপেনারের মধ‍্যে তিনিই ছিলেন সফলতম।

Image

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং শেষে বেরিয়ে আসছেন সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন।

লাল দলের হয়ে এনামুলের সঙ্গে ওপেন করেন পারভেজ। দুই জনের কেউই তেমন কিছু করতে পারেননি। এনামুল ম‍্যাচের প্রথম ওভারেই তাসকিন আহমেদের বলে ধরা পড়েন কিপারের গ্লাভসে। অনুশীলনের জন্য তাকে পরে আবার নামানো হয় চারে। এবার দুই ছক্কায় ১০ বলে করেন ১৯। পারভেজ দুই চারে ২১ রান করতে খেলেন ২১ বল।

চারে নেমে ব‍্যর্থ সাকিব পরে ৯ নম্বরে নেমে ২৪ বলে তিন ছক্কায় করেন ৩৬। তিনটি ছক্কাই মারেন তাসকিন আহমেদকে। প্রথম ২ ওভারে ১৪ রানে ২ উইকেট নেওয়া এই পেসার শেষ পর্যন্ত ৪ ওভারে দেন ৪৯ রান!

মুশফিকুর রহিম (১৭ বলে ২২) ও মাহমুদউল্লাহর (৯ বলে ১২) অনুশীলনও খুব জুতসই হয়নি। আটে নেমে দুটি করে ছক্কা ও চারে মোসাদ্দেক হোসেন ১৭ বলে অপরাজিত থাকেন ৩০ রানে।

সবুজ দলকে নেতৃত্ব দেওয়া আফিফ হোসেনের দিনটি ভালো কাটেনি মোটেও। তিনে নেমে ১৫ বলে ৮ করার পর নামেন আরেক দফায় নামে ছয়ে। সেখানে ২ বলে ১ রান করে ফেরেন রান আউট হয়ে।

লাল দলের হয়ে তিনে নেমে ৬ বল খেলে শূন‍্য রান করা শেখ মেহেদি হাসান সবুজ দলের হয়ে খেলেন মিডল অর্ডারে। ৭ চারে ১৬ বলে অপরাজিত থাকেন ৩১ রানে। ব‍্যাটিংয়ে কিছুটা ঝলক দেখান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

জাতীয় দলের চার বোলারে গড়া সবুজ দলের বিপক্ষে ৭ উইকেটে লাল দল করে ১৬৫ রান। ম‍্যাচ শেষে গণমাধ‍্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক হোসেনের অভিমত, আরও বেশি রান করা উচিত ছিল তাদের।

“মিরপুরে সাধারণত যেমন উইকেট থাকে, এর চেয়ে অনেক ভালো উইকেট ছিল আজকে টি-টোয়েন্টির জন‍্যে। আজকের প্রস্তুতি ম‍্যাচটা খেলোয়াড়দের খুব ভালো হয়েছে। আগামীকাল আরেকটা ম‍্যাচ আছে। ওই ম‍্যাচ থেকে আমরা হয়তো আরও বেশি আত্মবিশ্বাস নিতে পারব।

“উইকেট অনুযায়ী আজ হয়তো আরও ২০ রান বেশি হতে পারতো। আমরা যে প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করছি, খেলোয়াড়রা যে পজিটিভ ইনটেন্ট দেখাতে চাচ্ছি, সে জায়গায় হয়তো একটু সময় লাগবে। আমি মনে করি, পরের ম‍্যাচে হয়তো ব‍্যাটিং আরেকটু ভালো হবে।”

প্রস্তুতি ম‍্যাচে একটা জায়গায় পরিবর্তনের ছাপ রাখতে পেরেছেন ব‍্যাটসম‍্যানরা। লাল দলের ইনিংসে ৮ চারের পাশে ছিল ১০ ছক্কা। মোসাদ্দেক বললেন, এই ম‍্যাচে ছক্কার জন‍্য বাড়তি চেষ্টা ছিল তাদের।

“পাওয়ার হিটিং বলতে আমরা সবাই যেটা বুঝতে পারি, সেটা হলো ছয় মারার সক্ষমতা। সেটাই হয়তো সবাই করার চেষ্টা করছে। আজকের ম্যাচে সেই আবহটা ছিল। সবাই ছক্কা মারতে চায়, এমন মনোভাবই ছিল। সেটার প্র্যাকটিসটাই আজকে করার চেষ্টা করেছি।”