জিম্বাবুয়েকে বিশ্বকাপে তুলতে না পারায় সরে দাঁড়ালেন কোচ হটন
নিজ দেশের কোচ হিসেবে শুরুটা ভালো হলেও শেষটা সুখকর হলো না ডেভ হটনের।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে না পারায় জিম্বাবুয়ের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেভ হটন।
জিম্বাবুয়ে ক্রিকেট বুধবার এক বিবৃতিতে হটনের পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি জানায়। বোর্ড কর্তৃপক্ষ সেটা গ্রহণ করেছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে ছয় ম্যাচের চারটিতে জিততে পারে জিম্বাবুয়ে। তাদেরকে হারানো দুই দল নামিবিয়া ও উগান্ডা পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে গত মাসে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে।
ওই ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের কমিটি গঠন করে জিম্বাবুয়ে ক্রিকেট।
পদত্যাগপত্রে হটন লিখেছেন, এই দলকে সামনে এগিয়ে নিতে এখন ‘নতুন কাণ্ডারি’ প্রয়োজন বলে মনে করেন তিনি। দলের ক্রিকেটাররা তার ওপর ‘আস্থা হারিয়ে ফেলেছে’ বলেও মনে হয়েছে ৬৬ বছর বয়সী এই কোচের।
নিজ দেশের জাতীয় দলের দায়িত্বে শুরুটা অবশ্য দারুণ হয়েছিল হটনের। ২০২২ সালের জুনে কোচ হিসেবে যোগ দেন তিনি। তার হাত ধরে ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক ধাপ পেরিয়ে সুপার টুয়েলভে খেলে তারা। ওই পর্বে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল জিম্বাবুয়ে। কিন্তু পরে আর সেই ধারা ধরে রাখতে পারেনি হটনের দল। গত মাসে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপেও জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে।
