২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নর্থ্যাম্পটনের হারে কাউন্টির প্রথম বিভাগে খালেদ-হাসানদের কেন্ট

দুই মৌসুম পর কেন্টের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে ফেরার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের এই দুই পেসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2026, 09:54 PM

Updated : 26 Sep 2026, 09:54 PM

কাউন্টি চ্যাম্পিয়নশিপের পরের মৌসুমে ডিভিশন ওয়ানে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ রাউন্ডে জয়ের বিকল্প ছিল না নর্থ্যাম্পটনের। কিন্তু নিজেদের কাজটি করতে পারল না তারা। মিডলসেক্সের বিপক্ষে তাদের পরাজয়ে প্রথম বিভাগে খেলা নিশ্চিত হয়ে গেল কেন্টের।

লর্ডসে শনিবার ডিভিশন টু-এর লড়াইয়ে মিডলসেক্সের কাছে ৭ উইকেটে হেরেছে নর্থ্যাম্পটন। তাতে ১৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে মৌসুম শেষ করেছে তারা।

১৯৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ক্যান্টারবুরিতে শেষ রাউন্ডের খেলা শুরু করে কেন্ট। গ্লস্টারশায়ারের বিপক্ষে চলমান ম্যাচে জয়ের পথে আছে তারা।

সবশেষ ২০২৪ সালে ডিভিশন ওয়ানে খেলে কেন্ট। দুই মৌসুম পর ক্লাবটির প্রথম বিভাগে ফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

গ্লস্টারশায়ারের বিপক্ষে দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন খালেদ। এর আগে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৭ উইকেটে জয়ের ম্যাচে প্রথম ইনিংসে পাঁচটিসহ মোট আট শিকার ধরেন তিনি। আর ডার্বিশায়ারের বিপক্ষে হারের ম্যাচে পান তিন উইকেট।

আর হাসান তো আরও দুর্দান্ত। কাউন্টিতে তার গল্পটা যেন ‘এলাম, দেখলাম, জয় করলাম।’ অভিষেকেই ৯ উইকেট নিয়ে তিনি জেতান দলকে। পরের ম্যাচগুলোতেও ধরে রাখেন সেই পারফরম্যান্স। চার ম্যাচে শিকার করেন ২৬ উইকেট।

তার বোলিং গড় ১৫.৭৬, ডিভিশন টু-তে অন্তত ২০ উইকেট শিকারি বোলারদের মধ্যে সেরা গড়। প্রতি ২৯.২৬ ডেলিভারিতে উইকেট নিয়েছেন একটি করে। ১০টির বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট তারই।

হাসানের খেলা চার ম্যাচের তিনটিই জিতেছে কেন্ট। কিন্তু শেষ দুই রাউন্ড বাকি থাকতে তাকে দেশে ফিরিয়ে আনে বিসিবি। শুরুতে অনাপত্তিপত্র দিলেও, এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি ও সামনের ব্যস্ত সূচি ভাবনায় রেখেই সিদ্ধান্তে বদল আনে বাংলাদেশের বোর্ড।

ডিভিশন টু থেকে আগেই ডিভিশন ওয়ানে খেলা নিশ্চিত করে ফেলেছে ডারহাম।