২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন বাটলার

অভিজ্ঞ এই কিপার-ব‍্যাটসম‍্যানের অস্ট্রেলিয়া সফরে খেলা নিয়েও জেগেছে শঙ্কা।

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন বাটলার

জস বাটলার। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 08:34 PM

Updated : 28 Sep 2026, 08:34 PM

ইংল‍্যান্ড কোচ ব্র‍্যান্ডন ম‍্যাককালাম নিশ্চিত করেছেন, হ‍্যামস্ট্রিংয়ের চোটে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না জস বাটলারের। অভিজ্ঞ কিপার-ব‍্যাটসম‍্যানের নভেম্বরের অস্ট্রেলিয়া সফর নিয়েও জেগেছে শঙ্কা।

বাটলারের অনুপস্থিতির প্রলম্বিত সময়ের জন‍্য কিপিং ও মিডল অর্ডারে ব‍্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন জর্ডান কক্স।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানে হেরে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে খেলার সময় হ‍্যামস্ট্রিংয়ে চোট পান বাটলার। ব‍্যাটিং অসমাপ্ত রেখে মাঠের বাইরে চলে যান তিনি। পরে ফিরলেও পারেননি দলের হার এড়াতে।

সাবেক অধিনায়কের চোটের বিস্তারিত এখনও অবশ্য জানা নেই ইসিবির। তবে কোচ ম‍্যাককালাম বলেছেন, পাকিস্তান সফরে খেলার সুযোগ নেই বাটলারের।

“আমার মনে হয় (ওভালে কক্সের ৫২ বলে ৭৬ রান), এটা অনেকটা জস বাটলারের ইনিংসের মতো। কক্স পাকিস্তানে সুযোগ পাবে, যা তার জন‍্য রোমাঞ্চকর। হতাশাজনক ব‍্যাপার হলো, জসকে পাওয়া যাবে না। আমরা এখন কোন পর্যায়ে আছি, সেটা দেখার ভালো একটা সুযোগ হবে এটা।”

আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টুর্নামেন্টের তৃতীয় দল শ্রীলঙ্কা। যাদেরকে দেশের মাটিতে সদ‍্য ২-১ ব‍্যবধানে এই সংস্করণে হারিয়েছে ইংল‍্যান্ড।