‘অধিনায়কত্বের চাপ সামলাতে হিমশিম খায় বাবর’
সাবেক অধিনায়ক ও পেস কিংবদন্তি ওয়াকার ইউনিসের মতে, অধিনায়কত্ব চাপিয়ে দিয়ে ব্যাটসম্যান বাবর আজমকে হারাচ্ছে পাকিস্তান।
অধিনায়কত্ব চাপিয়ে দিয়ে ব্যাটসম্যান বাবর আজমকে হারাচ্ছে পাকিস্তান? ওয়াকার ইউনিসের বিশ্বাস অনেকটা এরকমই। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ও পেস বোলিং কিংবদন্তির মতে, নেতৃত্ব পেলেই খেই হারিয়ে ব্যাটসম্যান হিসেবেও ছন্দ হারান বাবর।
পাকিস্তান ক্রিকেটে বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ও টানাপোড়েন ছিল অনেক আগে থেকেই। অধিনায়কত্বের চাপে তিনি পিষ্ট হন ধারণা করেই তাকে আগের দফায় সরিয়ে দেওয়া হয়েছিল দায়িত্ব থেকে। কিন্তু পাকিস্তান ক্রিকেটের ব্যাখ্যাতীত অনেক কিছুর চিরায়ত ধারা মেনে আবার তাকে ফেরানো হয় টেস্ট নেতৃত্বে।
এই দফায় দায়িত্বে ফেরার পর তার অধিনায়কত্বে চার টেস্টের তিনটিই হেরেছে পাকিস্তান। সাম্প্রতিক সবচেয়ে আলোচিত অধ্যায়টিতে তার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। ইংল্যান্ড সফরের মাঝপথেই ৭ ক্রিকেটার ও প্রধান কোচ, বোলিং কোচকে দেশে ফেরত পাঠানো হলেও বাবর পরে বলেন, এসবের কিছুই তিনি জানতেন না।
তার এই মন্তব্য নিয়েও তুমুল সমালোচনা চলছে। কিংবদন্তি ওয়াসিম আকরাম সরাসরিই বলেন, অধিনায়ক হয়ে কিছুই না জানলে ‘তুই কি এখানে ছোলা বেচতে এসেছিস?’ বাবরের এই দফায় নেতৃত্ব নেওয়া উচিত হয়নি এবং এই ঘটনার পর নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি।
ওয়াকার অবশ্য সরাসরি বাবরকে কাঠগড়ায় তোলেননি। তবে তিনি আঙুল তুলেছেন দায়িত্বশীলদের দিকে, যারা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান কোচ, বোলিং কোচ, মেন্টরসহ নানা ভূমিকায় জাতীয় দলে কাজ করা সাবেক এই ফাস্ট বোলারের মতে, অধিনায়কত্বের চাপে নুইয়ে পড়েন ব্যাটসম্যান বাবর।
“আমি তাকে খেলোয়াড় হিসেবে দেখেছি। টেকনিক্যালি সে খুবই দক্ষ ব্যাটসম্যান। পরিপূর্ণ এবং নান্দনিক একজন ব্যাটসম্যান। ব্যাটসম্যান হিসেবে তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে কোনো ভুল দেখি না। কিন্তু আমার মনে হয়, অধিনায়কত্বের চাপে সে নিজের ওপর একটু বেশিই দায়িত্ব নিয়ে ফেলে। যখনই সে এই দায়িত্ব নেয় বা তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় না তখন সে ততটা ভালো খেলে।
আমার মনে হয়, তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, তাহলে আমরা একজন ব্যাটসম্যানকে হারাচ্ছি, কারণ সে এটা সামলাতে হিমশিম খায়। (অধিনায়ককে) ব্যক্তি হিসেবে শক্ত মানসিকতার হতে হয় এবং মাঠে নেমে দলের ক্রিকেটারদের পাশে থাকতে হয়। সতীর্থদের পাশে থাকতে না পারলে সবার প্রতি এবং নিজের কাজের প্রতি অন্যায় হয়।”
এমনিতে ওয়াকারের সঙ্গে মিলে যেতে পারে অনেকের সাধারণ ধারণাও। তবে পরিসংখ্যান বলছে উল্টো কথা। টেস্টে অধিনায়কত্বের ২৪ টেস্টে বাবরের ব্যাটিং গড় ৫০.৪২। অধিনায়কত্ব ছাড়া ৪২ টেস্টে গড় ৩৮.৭৮। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তার গড় ৬০.৭৬, অধিনায়কত্ব ছাড়া গড় ৫০.০৭।
