প্রথম ম্যাচে থিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
শিগগিরই এই অফ স্পিনারকে পাওয়া যাবে বলে মনে করছেন শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড।
হ্যামস্ট্রিং চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি মাহিশ থিকশানা। তাই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অফ স্পিনারকে পাবে না শ্রীলঙ্কা।
গত মাসে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ওই চোট পান থিকশানা। ফলে ফাইনালে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ১০ উইকেটে হারা ম্যাচে তিনি খেলতে পারেননি।
দিল্লিতে শনিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচে থিকশানাকে না পাওয়ার কথা আগের দিন জানিয়ে দেন কোচ ক্রিস সিলভারউড।
“থিকশানা হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার পথে আছে, তাই এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে না। তবে আমরা আশা করছি, খুব শিগগিরই তাকে পাওয়া যাবে। বাকিরা সুস্থ আছে।”
বিশ্বকাপ অভিযানের শুরুতে থিকশানাকে না পাওয়া শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কাই। এমনিতেই চোটের কারণে টুর্নামেন্টে তারা পাচ্ছে না ফাস্ট বোলার দুশমান্থ চামিরা ও লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
