মেয়ার্স-স্টয়নিস-পুরান ঝড়ে লক্ষ্ণৌর ২৫৭
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে ২৫০ রান করল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে চার মারলেন কাইল মেয়ার্স। সেই যে শুরু, এরপর থামাথামির নাম নেই। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি উপহার দিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তার পথ অনুসরণ করে পাঞ্জাব কিংসদের বোলারদের তুলাধুনা করলেন আইয়ুশ বাদোনি, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান। তাদের তাণ্ডবে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়ল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
মোহালিতে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৫৭ রান করে লক্ষ্ণৌ। আইপিএলে ২৫০ ছাড়ানো দ্বিতীয় দল তারা।
অল্পের জন্য দলটি ভাঙতে পারেনি ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের করা ২৬৩ রানের রেকর্ড। ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
আড়াইশ ছাড়ানো পুঁজি গড়ার পথে ২৭ চার ও ১৪ ছক্কা মারেন লক্ষ্ণৌর ব্যাটসম্যানরা। বাউন্ডারি থেকেই ১৯২ রান পায় দলটি। আইপিএলে চার-ছক্কা থেকে এর চেয়ে বেশি রান এসেছে কেবল বেঙ্গালোরের ২৬৩ করার ম্যাচে।
এক দশক আগের ওই ম্যাচটিতে ২১ চার ও ২১ ছক্কায় ২১০ রান করেছিল বেঙ্গালোর। বাউন্ডারিতে থেকে টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।
লক্ষ্ণৌকে বিশাল এই পুঁজি এনে দেওয়ার পথে ৪ ছক্কা ও ৭ চারে ২৪ বলে ৫৪ রান করেন মেয়ার্স। তিনে নেমে ২৪ বলে ৪৩ রান করতে বাদোনি মারেন তিনটি করে ছক্কা-চার।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টয়নিস খেলেন ৫ ছক্কা ও ৬ চারে ৪০ বলে ৭২ রানের বিস্ফোরক ইনিংস। খুনে ব্যাটিংয়ে ১ ছক্কা ও ৭ চারে ১৯ বলে ৪৫ রান করেন পুরান।
এমন কিছুর আভাস অবশ্য লক্ষ্ণৌর ইনিংসের শুরুতে ছিল না। প্রথম ওভারে স্রেফ ২ রান করতে পারে তারা। পরের ওভারে আর্শদিপকে চারটি চার হাঁকিয়ে ডানা মেলে দেন মেয়ার্স। লোকেশ রাহুল (১২) বেশিক্ষণ পারেননি টিকতে।
কাগিসো রাবাদাকে চার মেরে রানের খাতা খোলেন বাদোনি। ২০ বলে ফিফটি করে ষষ্ঠ ওভারে বিদায় নেন মেয়ার্স। ২ উইকেটে ৭৪ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করে লক্ষ্ণৌ।
এরপর বাদোনি ও স্টয়নিসের ব্যাটে বাড়ে লক্ষ্ণৌর রান। দুজনে গড়েন ৪৭ বলে ৮৯ রানের জুটি। বাদোনির বিদায়ের পর পুরান নেমে তাণ্ডব চালান। স্টয়নিসের সঙ্গে তার জুটিতে ৭৬ রান আসে স্রেফ ৩০ বলে।
৩১ বলে ফিফটি করা স্টয়নিস ফেরেন তার আইপিএলের ক্যারিয়ারের সর্বোচ্চ রান করে। শেষ ওভারে ফেরেন পুরানও। শেষ ৫ ওভারে ৭৩ রান তোলে লক্ষ্ণৌ।
প্রতিপক্ষের টর্নেডো ব্যাটিংয়ের মাঝে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ২৯ রান দেন লেগ স্পিনার রাহুল চাহার। সর্বোচ্চ ২ উইকেট নিতে কাগিসো রাবাদার খরচ ৫২ রান। আর্শদিপ সিং ৫৪ রান দিয়ে নেন এক উইকেট।
