বাজে সময়ে ধোনি ছাড়া কাউকে পাশে পাননি কোহলি
‘অনেকের কাছেই আমার নম্বর আছে, ওই সময় ম্যাসেজ পাঠিয়েছেন কেবল ধোনি’, বললেন ভারতের মহাতারকা বিরাট কোহলি।
খেলার আনন্দ, মজা, রোমাঞ্চ আর চ্যালেঞ্জটা আবার খুঁজে পেয়েছেন বিরাট কোহলি। আপন রূপে ফেরার ইঙ্গিতও দিচ্ছে তার ব্যাট। তবে সুসময়ের হালকা ছোঁয়া পেয়ে সাম্প্রতিক দুঃসময়কে ভুলে যাননি তিনি। ভেতরের এক আক্ষেপের কথাও তুলে ধরলেন বিশ্বক্রিকেটের এই মহাতারকা। চারপাশে তার অনেক শুভাকাঙ্ক্ষী, অথচ খারাপ সময়টায় কেবল মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি।
একসময় যিনি দাপটে রাজত্ব করেছেন ২২ গজে, যার সাফল্যের ঢেউ আছড়ে পড়েছে ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে, সেই কোহলি গত এক বছর ধরে দেখছেন উল্টো স্রোত। ব্যাটে সেই আগের জ্যোতি ম্লান হতে শুরু করছিল। সেটির প্রভাব পড়ে নেতৃত্বে। গত বছরের সেপ্টেম্বরে ঘোষণা দেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ছেড়ে দেবেন এই সংস্করণে জাতীয় দলের নেতৃত্ব। পরে আইপিএল দলের অধিনায়কত্বও ছাড়েন।
গত ডিসেম্বরে আচমকাই তাকে সরিয়ে দেওয়া হয় ওয়ানডে অধিনায়কত্ব থেকে। তার নিজের কাছেও যা ছিল বড় চমক, দল নির্বাচনী সভার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি জানতে পারেন নিজের ভাগ্য। এরপর গত জানুয়ারিতে হুট করে বিদায় বলে দেন টেস্টের অধিনায়কত্বকেও।
নেতৃত্বের এই পালাবদলের মধ্যে ব্যাটে ভাটার টান তো ছিলই। সেঞ্চুরি নেই প্রায় তিন বছর ধরে। গত কিছুদিন ধরে ফর্মও ছিল পড়তির দিকে। আগের সেই ধারাবাহিকতা উধাও।
এবার এশিয়া কাপের আগে তিনি খোলাসা করেন মানসিক অবসাদে ভোগার কথা। সেই অবস্থা থেকে মুক্তি পেতে ব্যাট ধরেননি এক মাস। তবে এশিয়া কাপে তিনি চনমনে হয়ে ফিরেছেন বলেই জানান। পারফরম্যান্সেও প্রতিফলিত হচ্ছে তা। ৩৫ রানের ইনিংস দিয়ে টুর্নামেন্ট শুরু করেন তিনি। পরের ম্যাচে করেন ৫৯। পাকিস্তানের বিপক্ষে রোববার খেলেন ৬০ রানের দারুণ ইনিংস। তার সেরা সময়ের কিছু ছাপ ছিল এই ইনিংসটায়।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোহলি ফিরে তাকালেন দুঃসহ সেই সময়টায়। সময়ের সঙ্গে লড়াইয়ের সেই দিনগুলো কতটা একাকী ছিল, কাকে পেয়েছেন পাশে, তিনি তুলে ধরলেন সব।
“একটা কথা আপনাদের বলতে পারি, টেস্টের নেতৃত্ব ছাড়ার পর, কেবল একজন মানুষের কাছ থেকেই ম্যাসেজ পেয়েছি, যার সঙ্গে আগে খেলেছি-তিনি হলেন এমএস ধোনি। অনেকের কাছেই আমার ফোন নম্বর আছে। টিভিতে কত লোকে পরামর্শ দেন আমাকে, কত কথা বলেন! কিন্তু যতজনের কাছে আমার নম্বর আছে, আর কেউ ম্যাসেজ দেননি।”
“এই যে শ্রদ্ধাবোধ, কারও সঙ্গে এরকম যোগাযোগ, এটা যখন খাঁটি হয়, তখন এভাবেই ফুটে ওঠে। এখানে দুই দিকেই যখন নির্ভরতা থাকে, তার আমার কাছে কিছু চাওয়া-পাওয়া নেই, আমারও নেই তার কাছে, আমরা কেউ পরস্পরকে নিয়ে শঙ্কিত নই। আমি স্রেফ এটাই বলতে পারি, যখন কাউকে কিছু বলতে চাই, আমি ব্যক্তিগতভাবেই তার সঙ্গে যোগাযোগ করি, এমনকি সেটা যদি তাকে সহায়তা করার ব্যাপারও হয়।”
এখানে শেষ বাক্যটিতেই ফুটে উঠছে কোহলির ক্ষোভ, অভিমান ও তার নিজের দর্শন-ভাবনা। তার মতে, কেউ শুভাকাঙ্ক্ষী হলে সরাসরিই তার সঙ্গে কথা বলা উচিত।
“গোটা দুনিয়ার সামনে আমার জন্য পরামর্শ মেলে ধরলে, আমার কাছে সেটির কোনো মূল্য নেই। যদি আমার উন্নতির জন্যই হয়, তাহলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এবং বলতে পারেন যে, ‘সত্যিই তোমার ভালো চাই।’ আমি জীবনটা যাপন করি অনেক সততা নিয়ে, কাজেই সবকিছু এভাবেই দেখি।”
“আমি বলছি না যে, ওসবকে (প্রকাশ্য পরামর্শ) পাত্তা দেই না। তবে কোনটা সত্যিকার, সেটা বোঝা যায়।”
এক মাস অনুশীলন না করার পর পুরনো ক্ষুধা ফিরে পাওয়ার কথা বললেন কোহলি। তখন নিজের সঙ্গে অনেক বোঝাপড়া করতে হলেও এখন তিনি অনুধাবন করতে পারছেন, এই বিরতি কতটা জরুরি ছিল।
“এক মাস ব্যাট ধরব না, আগে এটা আমি ভাবতেও পারতাম না। কিন্তু পরিস্থিতিই এমন হয়ে গিয়েছিল যে বিরতি নিতেই হতো। শারীরিক ব্যাপারের চেয়েও এটা জরুরি ছিল মানসিক কারণে। এক মাস বিরতির পর ব্যাট হাতে নেওয়ার সময় পুরনো সেই অনুভূতি ফিরে আসে, যে ভালোবাসা থেকে খেলাটা শুরু করেছিলাম।”
“খেলা চালিয়ে যাওয়ার সময় সেটা অনেক সময় মনে থাকে না। লোকে আপনার জন্য গর্জন করছে, এত খ্যাতি, মূল উপলব্ধিটা অনেক সময় হারিয়ে যায়। খেলার জন্য সেই তাড়না, সেই শুদ্ধতা, খেলার নিখাদ আনন্দটুকু হারিয়ে যায়। আমার জন্য তা পুনরায় খুঁজে পাওয়া জরুরি ছিল।”
কোহলির মতে, মাঠে নিজেকে সেরা রূপে ফুটিয়ে তুলতে কখনও কখনও মাঠ থেকে দূরে যাওয়া খারাপ কিছু নয়।
“আমি জানি, ভালো অবস্থায় থাকলে দলের জন্য কতটা কী করতে পারি। খারাপ অবস্থায় থেকে খেলা আমার বা দলের, কারও জন্যই ভালো নয়। আমার মনে হয়, কেউ যদি নেতিবাচক অবস্থায় থাকে বা মানসিকভাবে বাজে অবস্থায় থাকে, এটা থেকে পালিয়ে বেড়ানো উচিত নয়। বরং বিরতি নেওয়া খারাপ কিছু নয়।”
“আশা করি, খারাপ সময়টা থেকেই লোকে শক্তি খুঁজে নেবে। ভেতরে যেটাই চলুক, সেটাকে মোকাবেলা করবে। আমরা সবাই মানুষ, সবাই এভাবে চিন্তা করতেই পারে। এটাকে স্বীকার করা ও যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এড়িয়ে যেতে চাইলেই হতাশা বাড়বে। আমি এটা উপলব্ধি করেছি ও উপকৃত হয়েছি। এখন আমি খুশি, রোমাঞ্চিত, ক্রিকেট খেলতে আবার মজা পাচ্ছি। আমার জন্য এটাই ছিল জরুরি।”
