২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজার অলরাউন্ড নৈপুণ্য ছাপিয়ে নায়ক ম্যাথিউস

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের আশা জাগিয়েও পারল না জিম্বাবুয়ে।

রাজার অলরাউন্ড নৈপুণ্য ছাপিয়ে নায়ক ম্যাথিউস

প্রায় তিন বছর পর টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচেই দলকে জেতালেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 11:25 PM

Updated : 14 Jan 2024, 11:50 PM

দারুণ ফিফটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার পর বল হাতেও আলো ছড়ালেন সিকান্দার রাজা। স্মরণীয় এক জয়ের আশা জাগাল জিম্বাবুয়ে, কিন্তু শেষ পর্যন্ত পারল না তারা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের দায়িত্বশীল ইনিংসে রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতল শ্রীলঙ্কা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার জয় ৩ উইকেটে। ১৪৪ রানের লক্ষ্য শেষ বলে ছুঁয়ে ফেলে তারা।

জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। পেসার ব্লেসিং মুজারাবানির প্রথম দুই বলে দুটি চার মেরে সমীকরণ অনেকটা সহজ করে ফেলেন ম্যাথিউস। কিন্তু কাজ শেষ করে আসতে পারেননি তিনি, এক বল ‘ডট’ খেলে পরের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

২ বলে চাই ৬। মুজারাবানি পঞ্চম বল দেন বাউন্সার। দুশমন্থ চামিরা পুল করার চেষ্টায় ব্যাটের কানায় লেগে কিপারের মাথার ওপর দিয়ে হয়ে যায় চার। শেষ বল লেগ সাইডে খেলে ডাবল নিয়ে দলের জয় নিশ্চিত করেন চামিরা।

শ্রীলঙ্কার নায়ক অবশ্য ম্যাথিউসই। প্রায় তিন বছর পর এই সংস্করণে ফিরে ৩৮ বলে ৫ চার ও এক ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনিই।

বড় অবদান রাখেন দাসুন শানাকা। ম্যাথিউসের সঙ্গে সপ্তম উইকেটে ৩৪ বলে ৫৫ রানের জুটি গড়েন তিনি। ১৮ বলে ৪টি চারে ২৬ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন সাবেক এই অধিনায়ক।

বিফলে গেল রাজার অলরাউন্ড নৈপুণ্য। ব্যাট হাতে ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন জিম্বাবুয়ে অধিনায়ক। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট।

১১ বছরের বেশি সময় পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হলো শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এই সংস্করণে দুই দলের চার ম্যাচের সবগুলোই জিতল লঙ্কানরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মন্থর শুরুর পর জিম্বাবুয়ের রানের গতিতে দম দেন টিনাশে কামুনহুকামউই। ম্যাথিউসকে ছক্কায় ওড়ানোর পর নুয়ান তুষারাকে পরপর চার ও ছক্কা মারেন ২৮ বছর বয়সী ওপেনার।

বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি তিনি (১৮ বলে ২৬)। কামুনহুকামউইকে ফিরিয়ে ৩৭ রানের শুরুর জুটি ভাঙা মাহিশ থিকশানা একই ওভারে বিদায় করেন আরেক ওপেনার ক্রেইগ আরভিনকেও।

চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে না পারা শন উইলিয়ামস দুবার বেঁচে গিয়েও ইনিংস টেনে নিতে পারেননি (২০ বলে ১৪)। টিকতে পারেননি রায়ান বার্ল। দলকে অনেকটা একাই টানেন রাজা।

জিম্বাবুয়ে অধিনায়ক ফিফটি পূর্ণ করেন ৩৭ বলে। ১৯তম ওভারে থামে তার ৬২ রানের চমৎকার ইনিংসটি। ব্রায়ান বেনেট ও লুক জঙ্গুয়ের শেষের নৈপুণ্যে দেড়শর কাছাকাছি যায় সফরকারীরা।

দারুণ বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ১৬ রানে ২ উইকেট নেন থিকশানা। ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেট নেওয়া লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবার ১৯ রানে নেন ২টি।

রান তাড়ায় ইনিংসের তৃতীয় বলে পাথুম নিসানকাকে হারায় শ্রীলঙ্কা। ইনিংস টেনে নিতে পারেননি কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, সাদিরা সামারাউইক্রামাও। অষ্টম ওভারে ৫১ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড় যায় লঙ্কানরা।

ম্যাচে নিজের প্রথম বলে সামারাউইক্রামাকে বোল্ড করা রাজা কোটার শেষ ওভারে এসে ধরেন দুই শিকার, শেষ তিন বলের মধ্যে ফিরিয়ে দেন চারিথ আসালাঙ্কা ও হাসারাঙ্গাকে।

শেষ ৬ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে শ্রীলঙ্কার দরকার ছিল ৬১ রান। সেখান থেকেই ম্যাথিউস ও শানাকার ওই জুটি এবং শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৩/৫ (কামুনহুকামউই ২৬, আরভিন ১০, উইলিয়ামস ১৪, রাজা ৬২, বার্ল ৫, বেনেট ১০*, জঙ্গুয়ে ১৩*; ম্যাথিউস ২-০-১৩-০, তুষারা ৪-০-৪৩-০, থিকশানা ৪-১-১৬-২, চামিরা ৪-০-৩৮-১, হাসারাঙ্গা ৪-০-১৯-২, শানাকা ২-০-১৩-০)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪৪/৭ (নিসানকা ২, মেন্ডিস ১৭, পেরেরা ১৭, সামারাউইক্রামা ৯, আসালাঙ্কা ১৬, ম্যাথিউস ৪৬, হাসারাঙ্গা ০, শানাকা ২৬*, চামিরা ৬*; এনগারাভা ৪-০-৩৪-১, মুজারাবানি ৪-০-২২-২, জঙ্গুয়ে ৩-০-৩৮-০, মাসাকাদজা ৪-০-২১-১, রাজা ৪-০-১৩-৩, উইলিয়ামস ১-০-৪-০)

ফল: শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজ ১-০তে এগিয়ে শ্রীলঙ্কা

ম্যান অব দা ম্যাচ: অ্যাঞ্জেলো ম্যাথিউস