‘ভারতকে হারাতে পারে না পাকিস্তান, সেই দাগ মুছে গেছে’
পাকিস্তানের সাবেক অধিনায়ক মইন খানের বিশ্বাস, এবার এশিয়া কাপ জিতবে তার উত্তরসূরিরা।
বিশ্বকাপের মতো অতটা খারাপ নয়, তবে এশিয়া কাপেও ভারতের বিপক্ষে পাকিস্তানের পরিসংখ্যান তেমন ভালো কিছু নয়। আসছে লড়াইয়ের আগে সেসব নিয়ে অবশ্য একদমই ভাবছেন না মইন খান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস যে এখন সঙ্গী। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, কেবল ভারতকে আবার হারানো নয়, এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতার সামর্থ্যও আছে তার উত্তরসূরিদের।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময়ে রাত ৮টায় এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এবারের আসর হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। গত বছর এই মাঠেই ২০ ওভারের বৈশ্বিক লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে দিয়েছিল বাবর আজমের দল।
সুপার টুয়েলভের সেই ম্যাচে ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের উদ্বোধনী জুটিতেই পেরিয়ে গিয়েছিল পাকিস্তান। টি-টোয়েন্টিতে সেটাই তাদের প্রথম ১০ উইকেটের জয়।
দাপুটে ওই জয় দিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ব্যর্থতার চক্র ভাঙে পাকিস্তান। বৈশ্বিক প্রতিযোগিতায় প্রতিবেশী দেশটির বিপক্ষে প্রথম ১২ ম্যাচে জয়শূন্য ছিল তারা।
এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে এগিয়ে ভারত। টুর্নামেন্টে দুই দলের ১৪ বারের দেখায় ভারতের জয় ৮ ম্যাচ, পাকিস্তানের ৫টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত।
তবে সবশেষ দুই দলের দেখায় যে পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান, তাতে মইনের বিশ্বাসের পারদ এখন তুঙ্গে। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই কিপার-ব্যাটসম্যান বললেন, ভারতকে হারাতে পারে না পাকিস্তান, এই কথা এখন অতীত।
“আমাদের জন্য ভারত খুবই কঠিন প্রতিপক্ষ এবং আমরা তাদেরকে হারাতে পারি না, ওই দাগ মুছে গেছে। তারাও অনেক পরিবর্তন এনেছে এবং তাদের দল এখন সেরকম শক্তিশালী নয়। আমরা যদি আগ্রাসী ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারি এবং দল হয়ে খেলি, টুর্নামেন্ট জেতার সব সামর্থ্য আমাদের আছে।”
এবারের এশিয়া কাপের সূচি এমনভাবে করা হয়েছে, কোনো অঘটন না ঘটলে সুপার ফোরেও দেখা হবে ভারত-পাকিস্তানের। এরপর দুই দল ফাইনালে উঠলে লড়াই হবে আরও একবার। মইনের মতে, শেষ পর্যন্ত যেতে খেলতে হবে সাহসী ক্রিকেট।
“এটা সম্পূর্ণ নির্ভর করছে দলের পারফরম্যান্সের ওপর। তারা যদি পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে আসন্ন দুই ম্যাচ খেলা হবে কঠিন। তবে তারা যদি সাহস দেখিয়ে হেরেও যায়, তাহলে তাদের ভেতর (জেতার) বিশ্বাসটা থাকবে। আর অবশ্যই, যদি জেতে এবং একই প্রতিপক্ষের বিপক্ষে আবার লড়তে হয়, তখন আগের ম্যাচের পারফরম্যান্সের সুবাদে স্বস্তিতে থাকবে তারা।”
পাকিস্তানের প্রথম এশিয়া কাপ জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মইন। ২০০০ সালের আসরে ফাইনালে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে শিরোপা উৎসব করেছিল পাকিস্তান। ওই ম্যাচে অসুস্থ শরীর নিয়েও দলের জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছিলেন অধিনায়ক মইন। ছয় নম্বরে নেমে ৪ ছক্কা ও ৩ চারে খেলেছিলেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস। সুখকর সেই স্মৃতিও আওড়ালেন তিনি।
“(পাকিস্তানের) প্রথম অধিনায়ক হিসেবে এশিয়া কাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারা আমার জন্য অনেক সম্মানের। কারণ, আমার আগে অনেক কিংবদন্তি অধিনায়ক ছিলেন, যাদের নেতৃত্বে অনেক বড়বড় ম্যাচ খেলেছি।”
“মনে আছে, ওই দিন আমি অসুস্থ ছিলাম। তারপরও ৩১ বলে ৫৬ রান করতে পেরেছিলাম। ম্যাচের আগে আমি স্ট্রেচার টেবিলে ছিলাম… ১০২ ডিগ্রি জ্বর ছিল আমার। মনে আছে কারণ, তখন পিসিবি চেয়ারম্যান ড্রেসিং রুমে এসেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে আমি খেলতে পারব কিনা। তবে আমার সাহস সবসময়ই ছিল।”
