২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থতাকে হারিয়ে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ভারতের নায়ক সূর্যকুমার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের সকালে পেটের সমস্যায় ভুগছিলেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 09:52 PM

Updated : 27 Sep 2022, 11:18 PM

সন্ধ্যায় ম্যাচ, সকালে ভোগাচ্ছিল পেটের সমস্যা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে তাই সূর্যকুমার যাদবের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে অসুস্থতাকে জেঁকে বসতে দেননি ভারতীয় ব্যাটসম্যান। পেটের পীড়ার সঙ্গে লড়াইয়ে জিতে মাঠে নেমেও নায়ক হয়ে ওঠেন তিনি।

গত রোববার হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রান তাড়ায় তার ঝড়ো ইনিংসে ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। ম্যাচ সেরার পুরস্কার উঠেছিল তারই হাতে।

১৮৭ রানের লক্ষ্য তাড়ায় পাঁচটি করে ছক্কা-চারে ৩৬ বলে ৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সূর্যকুমার। বিরাট কোহলির সঙ্গে তার ১০৪ রানের জুটিতে জয়ের শক্ত ভিত পায় ভারত।

অথচ ম্যাচটিতে তার খেলা ছিল অনিশ্চিত। কিন্তু হাল ছাড়তে নারাজ ছিলেন সূর্যকুমার। বিসিসিআই টিভিতে সতীর্থ আকসার প্যাটেলের সঙ্গে আলাপচারিতায় এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, তাকে খেলার জন্য যে করেই হোক প্রস্তুত করতে দলের চিকিৎসকদের বলেছিলেন তিনি।

“ফিজিও ও চিকিৎসককে বলেছিলাম, ‘এটা যদি বিশ্বকাপ ফাইনাল হতো, আমি কী প্রতিক্রিয়া দেখাতাম? অসুস্থ বলে কেবল বসে থাকব না। তাই যা করার করুন, যা খুশি ঔষধ বা ইনজেকশন দেন, কিন্তু সন্ধ্যার ম্যাচে খেলার জন্য আমাকে প্রস্তুত করুন।’ একবার মাঠে নামলে ও ভারতের জার্সি পরলে, আবেগ সম্পূর্ণ বদলে যায়।”

ওই ইনিংসের সুবাদে চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে জায়গা করে নেন সূর্যকুমার। ২০২২ সালে এখন পর্যন্ত ২০ ইনিংস খেলা এই ব্যাটসম্যানের রান ৬৮২, স্ট্রাইক রেট ১৮২.৮৪। চারটি ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরি। একই সংখ্যক ফিফটি ও সেঞ্চুরিতে ৬২৬ রান করে দ্বিতীয় স্থানে নেপালের দিপেন্দ্র সিং।

ব্যাট হাতে সূর্যকুমারের ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ মেলে র‍্যাঙ্কিংয়ে। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে তিনি। শীর্ষে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, দুইয়ে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম।

এমন সাফল্যের পেছনে সঠিক অনুশীলনের কথা বললেন ৩২ বছর বয়সী সূর্যকুমার।

“ম্যাচে যেভাবে ব্যাট করতে চাই, আমি ঠিক সেভাবেই অনুশীলন করি। স্রেফ একটি জিনিসে বিশ্বাস করি; মাঠে যাও এবং নিজেকে মেলে ধরো।”

ভারতের পরবর্তী সিরিজ দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বুধবার মাঠে গড়াবে দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।