২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজার দুর্দান্ত সেঞ্চুরির পর জিম্বাবুয়ের স্বপ্নভঙ্গ

ভারতের বিপক্ষে ১২ বছর পর ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও অল্পের জন্য পারল না জিম্বাবুয়ে।

রাজার দুর্দান্ত সেঞ্চুরির পর জিম্বাবুয়ের স্বপ্নভঙ্গ

বিফলে গেছে সিকান্দার রাজার ৯৫ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 09:59 PM

Updated : 23 Aug 2022, 12:03 AM

প্রায় তিনশ রান তাড়ায় দেড়শর আগে নেই ৬ উইকেট। নিষ্প্রাণ ম্যাচে প্রাণের সঞ্চার করল সিকান্দার রাজার ব্যাটিং। অসাধারণ এক সেঞ্চুরি আর ব্র্যাড ইভান্সের সঙ্গে দুর্দান্ত এক জুটিতে তিনি জাগালেন জয়ের আশা। কিন্তু শেষ পর্যন্ত তারা পেরে উঠল না অল্পের জন্য। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ছাড়ল ভারত।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সোমবার ভারতের জয় ১৩ রানে। হারারেতে ২৯০ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১৬৯ রানের বিপর্যয় থেকে তিন বল বাকি থাকতে জিম্বাবুয়ে থমকে যায় ২৭৬ রানে।

শেষ ১৩ বলে ৩ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ের দরকার ছিল ১৭ রান। তখনও শতরানের জুটিতে অবিচ্ছিন্ন রাজা ও ইভান্স। রাজা ততক্ষণে পেয়ে গেছেন সেঞ্চুরি।

কিন্তু পাঁচ বলের মধ্যে এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর আর পেরে ওঠেনি জিম্বাবুয়ে। অসাধারণ এক ক্যাচ নিয়ে রাজাকে ফেরান শুবমান গিল। তার আগে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ৯৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা তিনিই।

বিফলে যায় রাজার ৯৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১১৫ রানের দুর্দান্ত ইনিংস। এই সংস্করণে সবশেষ ছয় ম্যাচে এটি তার তৃতীয় সেঞ্চুরি, সবগুলোই রান তাড়ায়।

ভারতের বিপক্ষে এই নিয়ে টানা ১৫ ওয়ানডে হারল জিম্বাবুয়ে। সবশেষ তারা জিতেছিল ২০১০ সালের জানুয়ারিতে, এই হারারেতে।

দেশের মাটিতে আগের ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচে রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছিল জিম্বাবুয়ে, দুটিতেই সেঞ্চুরি করেছিলেন রাজা। সেই ব্যাটিংই ভারত সিরিজে প্রথম দুই ম্যাচে ভোগায় তাদের। প্রথমটিতে ১৮৯ রান করে ১০ উইকেটে এবং পরেরটিতে ১৬১ রান করে ৫ উইকেটে হেরে যায় তারা।

টস জিতে এবার ভারত নেয় আগে ব্যাটিং। তাদের শুরুটা হয় যদিও মন্থর। শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়েন ৯১ বলে।

রাহুলকে (৪৬ বলে ৩০) বোল্ড করে জিম্বাবুয়েকে প্রথম সাফল্য এনে দেন ইভান্স। ধাওয়ান ৪০ রান করতে খেলেন ৬৮ বল। ডানহাতি পেসার ইভান্সের বলেই বাঁহাতি ওপেনার ক্যাচ দেন কাভারে।

তৃতীয় উইকেটে ১৪০ রানের বড় জুটিতে দলকে এগিয়ে নেন গিল ও ইশান কিষান। ফিফটির পরই কিষান রান আউট হয়ে যান ৬১ বলে ৫০ রান করে। একই ওভারে আউট হয়ে যান দিপক হুডা।

পরের ওভারেই গিল পেয়ে যান কাঙ্ক্ষিত সেঞ্চুরি। পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি ৫১ বলে। পরের ৩১ বলে স্পর্শ করেন তিন অঙ্ক।

ছয় নম্বরে নেমে সাঞ্জু স্যামসন আউট হয়ে যান দুই ছক্কায় ১৫ রান করে। গিলের ইনিংস থামে শেষ ওভারে ক্যাচ দিয়ে। এই ওভারে শুবমান ও শার্দুল ঠাকুরকে ফিরিয়ে প্রথমবার ওয়ানডেতে পাঁচ উইকেটের স্বাদ পান ইভান্স।

রান তাড়ায় তৃতীয় ওভারেই দিপক চাহারের ইন-সুইঙ্গারে এলবিডব্লিউ হয়ে যান ইনোসেন্ট কাইয়া। ভারত উইকেটটি পায় রিভিউ নিয়ে। ছয় ওভার পর পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার টাকুডজোয়ানাশে কাইটানো।

অভিজ্ঞ শন উইলিয়ামস দারুণ ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। টনি মুনিয়োঙ্গার সঙ্গে জমে উঠছিল তার জুটি। কিন্তু ৪১ রানের জুটি ভাঙতেই এলোমেলো হয়ে যায় স্বাগতিকরা।

স্পিনার আকসার প্যাটেলের বলে উইলিয়ামস এলবিডব্লিউ হন ৪৬ বলে ৪৫ রান করে। পরের ওভারে মুনিয়োঙ্গা ক্যাচ দেন ১৫ রানে। বেশিক্ষণ টিকতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক রেজিস চাকাভা। আবার ব্যাটিংয়ে নেমে দ্রুতই স্টাম্পড হয়ে ফেরেন কাইটানো।

১ উইকেটে ৮২ থেকে জিম্বাবুয়ের স্কোর তখন ৫ উইকেটে ১২২। পরে রায়ান বার্ল ও লুক জঙ্গুয়ের বিদায়ে দুইশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে।

এরপরই রাজা ও ইভান্সের জুটিতে জাগে নতুন আশা। রাজা ৮৮ বলে পূর্ণ করেন ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। এর পাঁচটিই জিম্বাবুয়েতে। দেশটির মাটিতে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে তিনি পাশে বসেন ব্রেন্ডন টেইলরের।

শেষ ৩ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৩৩ রান। ৪৮তম ওভারে আভেশ খানকে টানা চার-ছক্কা মারেন রাজা। পঞ্চম বলে চার মারার পর শেষ বলে আউট হয়ে যান ইভান্স (৩৬ বলে ২৮)। এতে ভাঙে ৭৭ বলে ১০৪ রানের জুটি।

পরের ওভারে শার্দুল ঠাকুরের স্লোয়ার উড়িয়ে মারেন রাজা। লং-অন থেকে কয়েক ধাপ এগিয়ে এসে সামনে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন গিল। জিম্বাবুয়ের আশাও প্রায় শেষ হয়ে যায় সেখানেই।

শেষ ওভারে ১৫ রানের প্রয়োজনে আভেশের তৃতীয় বলে বোল্ড হয়ে যান ভিক্টর নিয়াউচি। তীরে গিয়ে তরী ডোবার হতাশা সঙ্গী হয় স্বাগতিকদের।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৮৯/৮ (ধাওয়ান ৪০, রাহুল ৩০, গিল ১৩০, কিষান ৫০, হুডা ১, স্যামসন ১৫, আকসার ১, শার্দুল ৯, চাহার ১*, কুলদীপ ২*; এনগারাভা ৯-০-৫৮-০, নিয়াউচি ১০-১-৪৮-১, ইভান্স ১০-০-৫৪-৫, রাজা ১০-১-৩৯-০, জঙ্গুয়ে ৫-০-৪৯-১, উইলিয়ামস ৫-০-৩০-০, মুনিয়োঙ্গা ১-০-১০-০)

জিম্বাবুয়ে: ৪৯.৩ ওভারে ২৭৬ (কাইটানো ১৩, কাইয়া ৬, উইলিয়ামস ৪৫, মুনিয়োঙ্গা ১৫, রাজা ১১৫, চাকাভা ১৬, বার্ল ১৪, ইভান্স ২৮, এনগারাভা ২, নিয়াউচি ০*; চাহার ১০-০-৭২-২, আভেশ ৯.৩-১-৬৬-১, শার্দুল ৯-০-৫৫-১, কুলদিপ ১০-০-৩৮-২, হুডা ১-০-৯-০, আকসার ১০-১-৩০-২)

ফল: ভারত ১৩ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ৩-০ তে জয়ী ভারত

ম্যান অব দা ম্যাচ: শুবমান গিল

ম্যান অব দা সিরিজ: শুবমান গিল