টি-টোয়েন্টি ব্লাস্টে নাম লিখিয়ে উচ্ছ্বসিত বিশ্বের এক নম্বর অলরাউন্ডার
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোয় জিম্বাবুয়েকে নেতৃত্ব দেওয়ার দিনে নতুন অভিযানের খবর জানালেন সিকান্দার রাজা।
সিকান্দার রাজার সময়টা দারুণ কাটছে। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনি আবার শীর্ষে উঠে এসেছেন সম্প্রতি। তার নেতৃত্বে বিশ্বকাপের দুই ম্যাচের দুটিতেই জিতেছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে হারানোর দিনটিতে জানা গেল তাকে নিয়ে আরেকটি সুখবর। সামনের টি-টোয়েন্টি ব্লাস্টে দেখা যাবে ৩৯ বছর বয়সী অলরাউন্ডারকে।
টি-টোয়েন্টি ব্লাস্টের নতুন আসরে উস্টারশায়ারের হয়ে খেলবেন রাজা। পুরো আসরের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার।
বেন ডোয়ার্শিসের বদলি হিসেবে রাজাকে নিয়েছে উস্টারশায়ার। গত মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ারের হয়ে ১৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ডোয়ার্শিস। তবে অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার এবার দল পেয়েছেন আইপিএলে। খেলবেন তিনি রিকি পন্টিংয়ের কিংস ইলেভেন পাঞ্জাবে। এজন্য তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্লাস্ট থেকে।
পেস বোলারের বদলে স্পিনিং অলরাউন্ডার বেছে নিয়ে কৌশলেও বদল আনছে উস্টারশায়ার। তাদের অন্য বিদেশি ক্রিকেটারও একজন স্পিনার, পাকিস্তানি লেগ স্পিনার উসামা মির।
আগে একবারই টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছিলেন রাজা। ২০২৪ আসরে নর্থ্যাম্পটনশায়ারে খেলেছিলেন ৮ ম্যাচ। সেবার দা হান্ড্রেড টুর্নামেন্টেও খেলেছিলেন তিনি মানচেস্টার অরিজিনালসের হয়ে।
ইংল্যান্ডে আবার খেলতে মুখিয়ে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক।
“এই গ্রীষ্মে উস্টারশায়ার র্যাপিডসে যোগ দেওয়া নিয়ে আমি উচ্ছ্বসিত, যে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দারুণ উপভোগ করি। ইংল্যান্ডে আগে যখনই খেলেছি, খুব ভালো লেগেছে আমার। এবারও মৌসুম শুরু করতে ও স্কোয়াডে যোগ দিতে তর সইছে না আমার।”
২০১৮ সালে টি-টোয়েন্টি ব্লাস্টে চ্যাম্পিয়ন হয়েছিল উস্টারশায়ার, পরেরবার হয়েছিল রানার্স আপ। তবে সবশেষ ছয় আসরে স্রেফ একবার কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছে তারা।
