২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক ‘যদি ও কিন্তু’ নিয়ে সেমি ও ফাইনালের টিকেট বিক্রি, থাকছে অর্থ ফেরতের সুযোগ

সূচি চূড়ান্ত হলেও, প্রথম সেমি-ফাইনাল ও ফাইনালের ভেন্যুই চূড়ান্ত নয়।

অনেক ‘যদি ও কিন্তু’ নিয়ে সেমি ও ফাইনালের টিকেট বিক্রি, থাকছে অর্থ ফেরতের সুযোগ
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকদের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 11:36 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

সুপার এইটের মাঝপথে এসে সেমি-ফাইনাল ও ফাইনালের টিকেট বিক্রির ঘোষণা দিয়েছে আইসিসি। ম্যাচ তিনটির টিকেট কাটতে হলে অবশ্য দর্শকদের অনেক হিসেব-নিকেশ করতে হবে। তারপরও প্রিয় দলের ম্যাচ দেখার নিশ্চয়তা থাকবে না। আর তেমনটা হলে টিকেটের অর্থ ফেরত পাওয়ার সুযোগও থাকবে তাদের।

আগামী ৪ মার্চ মাঠে গড়াবে প্রথম সেমি-ফাইনাল। পরদিন হবে দ্বিতীয় সেমি-ফাইনাল। আর ৮ মার্চ হবে শিরোপা লড়াই।

ম্যাচগুলোর জন্য মঙ্গলবার সন্ধ্যা সাতটায় টিকেট বিক্রি শুরু করেছে আইসিসি। তবে প্রথম সেমি-ফাইনাল ও ফাইনালের ভেন্যুই চূড়ান্ত নয়।

প্রথম সেমি-ফাইনাল হওয়ার কথা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম অথবা কলকাতার ইডেন গার্ডেন্সে। আর দ্বিতীয় সেমি-ফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

যদি পাকিস্তান শেষ চারে ওঠে, তাহলে তারা খেলবে প্রথম সেমি-ফাইনালে। আর যদি তারা না ওঠে; কিন্তু শ্রীলঙ্কা ওঠে এবং তারা যদি ভারত বাদে অন্য দলের বিপক্ষে পড়ে, সেক্ষেত্রে ম্যাচটি (প্রথম সেমি-ফাইনাল) হবে কলম্বোয়।

আবার ওই দুই শর্তের কোনোটিই যদি পূরণ না হয়, অথবা ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হয়, তাহলে প্রথম সেমি-ফাইনাল হবে কলকাতায়, নির্ধারিত তারিখে। আবার যদি পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে শিরোপা লড়াইটি হবে কলম্বোয়। অন্যথায় ফাইনাল হবে আহমেদাবাদে।   

শর্ত আছে আরও; দর্শকরা এমন এক ভেন্যুর টিকেট কিনলেন; কিন্তু সেখানে প্রথম সেমি-ফাইনাল বা ফাইনাল হলো না, তাহলে তাদের টিকেটের অর্থ ফেরত দেওয়া হবে।