Published : 08 Mar 2026, 05:38 PM
দেশে ফেরা নিয়ে যে অনিশ্চয়তার মধ্যে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল, সেটা কেটে গেছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, একই চার্টার ফ্লাইটে মঙ্গলবার ভোরে ভারত ছাড়বে দল দুটি।
ভারত ছাড়ার দিনক্ষণ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলকে আইসিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলে রোববারের প্রতিবেদনে লিখেছে ক্রিকইনফো। প্রোটিয়াদের সঙ্গে প্রথমে জোহানেসবার্গে যাবে ক্যারিবিয়ানরা। পরে সেখান থেকে তাদের গন্তব্য হবে অ্যান্টিগা।
আরেকটি চার্টার ফ্লাইটে শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দেয় ইংল্যান্ড দল। প্রথমে ধারণা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ফ্লাইট হবে রোববার। ক্রিকইনফোর খবর, এদিন বিকালে তাদেরকে মঙ্গলবারের কথা জানানো হয়।
গত রোববার ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথম সেমি-ফাইনালে বুধবার নিউ জিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয় দক্ষিণ আফ্রিকা। এর পরদিন রান বন্যার দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে বিমান যোগাযোগ ব্যাহত হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও, ভারত ছাড়তে পারেনি দল তিনটি। ভারতে আটকা পড়া নিয়ে বেশ কয়েক দফায় হতাশা প্রকাশ করেন ক্যারিবিয়ানদের কোচ ড্যারেন স্যামি।
দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তাদের আগে চলে গেছে ইংল্যান্ড দল। এনিয়ে আইসিসির বিরুদ্ধে ‘বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তোলেন দুই প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক ও ডেভিড মিলার।
দেশে ফেরার নিশ্চয়তা পেয়ে এখন স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরা।