শুরুর কঠিন সময় কাটিয়ে ‘সহজাত ব্যাটিংয়ে’ সফল সাহিবজাদা
চমৎকার এক সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচে দ্বিতীয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন পাকিস্তানের এই ওপেনার।
ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে সিঙ্গল নিয়েই শূন্যে লাফিয়ে উঠলেন সাহিবজাদা ফারহান। মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুঁড়ে দিলেন হুঙ্কার। দেশের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির স্বাদ পাওয়া বলে কথা। সেটাও আবার বিশ্ব মঞ্চে। শুরুর কঠিন সময়টা কাটিয়ে সহজাত ব্যাটিংয়ে করেই সাফল্যের ঠিকানায় পা রাখার কথা বললেন তিনি।
নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড গড়া জয়ের নায়ক সাহিবজাদা। কলম্বোতে বুধবার ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত খেলেন তিনি। চারটি ছক্কা ও ১১টি চারে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটসম্যান।
তার চমৎকার ইনিংসের সৌজন্যে ১৯৯ রানের পুঁজি গড়ে পাকিস্তান। পরে নামিবিয়াকে ৯৭ রানে গুটিয়ে দিয়ে ১০২ রানের বড় জয় তুলে নেয় তারা। আর এই জয়ে নিশ্চিত হয়ে যায় তাদের সুপার এইটে খেলা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করা পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার সাহিবজাদা। এক যুগ আগে, ২০১৪ আসরে আহমেদ শেহজাদ বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১১১ রানের ইনিংস।
দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাহিবজাদা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনিয়ে পঞ্চমবার এই স্বীকৃতি পেলেন তিনি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ম্যান অব দা ম্যাচ’ হলেন দ্বিতীয়বার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন সাহিবজাদা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, এই ম্যাচে তাদের সব পরিকল্পনাই কাজে দিয়েছে।
“শুরুতে উইকেট ব্যাটিং করার জন্য সহজ ছিল না। তবে কয়েকটি শট খেলার পর আমি আমার সহজাত খেলাটা খেলি। আমি শাদাবকে বলেছিলাম, আমাদের জুটি গড়তে হবে, কারণ আমরা দ্রুত উইকেট হারিয়েছি। সবকিছু পরিকল্পনা মতো হয়েছে।”
স্বীকৃতি টি-টোয়েন্টিতে এনিয়ে সপ্তমবার সেঞ্চুরির স্বাদ পেলেন সাহিবজাদা। সঙ্গে ৩১ ফিফটিতে এই সংস্করণে ৪ হাজার ৮২৫ রান করে ফেলেছেন তিনি। গত কয়েকবছর ধরেই টি-টোয়েন্টিতে ভালো করছেন এই ক্রিকেটার। তার মতে, ঘরোয়া ক্রিকেটে কঠোর পরিশ্রম করার সুফল পাচ্ছেন তিনি।
“আমি ঘরোয়া ক্রিকেটের সব ম্যাচই খেলি। আর প্রায় গত চার বছর ধরে ঘরোয়া ক্রিকেটে করা ভালো পারফরম্যান্স আমাকে সাহায্য করেছে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক কঠোর পরিশ্রমের ফল এটা।”
সুপার এইটে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান।
