শূন্যের হ্যাটট্রিকে আভিশেকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
সবশেষ সাত ইনিংসের পাঁচটিতে শূন্য রানে আউট হলেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।
ভিন্ন তিন প্রতিপক্ষ, ভিন্ন তিন মাঠ, কিন্তু তিন ম্যাচেই পরিণতি একই। আবারও শূন্য রানে আউট হলেন আভিশেক শার্মা। বিশ্বকাপে দুঃস্বপ্নের পথচলায় ভারতীয় ওপেনারের নাম উঠে গেল অনাকাঙ্ক্ষিত রেকর্ডে।
আহমেদাবাদে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে তিন বল খেলে রানের দেখা পাননি আভিশেক। অফ স্পিনার আরিয়ান দত্তকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে বোল্ড হন বাঁহাতি ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান আভিশেক এবারই প্রথম খেলছেন বিশ্বকাপে। নিজের প্রথম তিন ম্যাচেই তিনি আউট হলেন শূন্য রানে।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা হলো তার। প্রথমজন উগান্ডার রজার মুকাসা, ২০২৪ আসরে এই তেতো স্বাদ পেয়েছিলেন তিনি।
বিশ্বকাপে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়া ক্রিকেটার আছেন আরও দুজন।
২০১০ ও ২০১৬ আসর মিলিয়ে এই অভিজ্ঞতা হয় সাবেক ভারতীয় পেসার আশিস নেহরার। ২০০৯ সালে এই স্বাদ পান ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার।
আভিশেক চলতি আসরে ভারতের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আউট হয়েছিলেন প্রথম বলে শূন্য রানে। পেটের সংক্রমণের কারণে তিনি খেলতে পারেননি পরের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে। চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ফিরে চার বলে শূন্য রানে ফেরেন তিনি। এবার ডাচদের বিপক্ষেও রানের দেখা পেলেন না ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক দিন ধরে দাপট দেখানো আভিশেক হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেলেছেন। এই নিয়ে সবশেষ সাত ইনিংসের পাঁচটিতেই শূন্য রানে আউট হলেন তিনি।
ভারতের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি শূন্যের যৌথ রেকর্ড এটি। ২০২৪ সালে এই নজির গড়েন সাঞ্জু স্যামসন।
