Published : 15 Feb 2026, 10:53 AM
নামে মহারণ হলেও ভারত-পাকিস্তান ম্যাচে এখন আর লড়াইয়ের কিছু দেখেন না সাঞ্জায় মাঞ্জরেকার। এবারও ভারত অনায়াসেই জিতবে বলে তার ধারণা। পাকিস্তানকে অবশ্য কিছুটা লড়াইয়ের পথ বাতলে দিচ্ছেন তিনি। এই ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ব্যাটসম্যানের মতে, ৫ স্পিনার দিয়ে একাদশ সাজালে কিছুটা লড়া জমাতে পারে পাকিস্তান।
চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের ক্রিকেটীয় লড়াই একতরফা হয়ে উঠেছে অনেক দিন ধরেই। ওয়ানডেতে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর এখনও পর্যন্ত মীমাংসিত ছয় ম্যাচের সবকটি জিতেছে ভারত। টি-টোয়েন্টিতে দুই দলের ১৬ ম্যাচের ১৩টিই জিতেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে তাদের জয় ৭টি।
তার পরও রাজনৈতিক বৈরিতার কারণেই এই ম্যাচকে ঘিরে আলোচনা ও উত্তেজনা থাকে সবসময়ই। এবার তো পাকিস্তানের পক্ষ থেকে শুরুতে ম্যাচ বর্জন ও পরে সেই অবস্থান থেকে সরে আসা মিলিয়ে এত ঘটনা হয়েছে যে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান লড়াই সম্ভবত এটিই।
কলম্বোতে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগে সামাজিক মাধ্যমে মাঞ্জরেকার তুলে ধরলেন ম্যাচের সম্ভাব্য ভাগ্য নিয়ে তার ভাবনা।
“ভারত-পাকিস্তান ম্যাচে কি প্রত্যাশা করা যায়? গত কয়েক বছর ধরেই যা বলে আসছি, ভারতের উচিত পাকিস্তানকে হারানো। সত্যি বলতে, এখন তো ভারত-পাকিস্তান লড়াইয়ে আসলে লড়াই বলেই কিছু নেই। ভারত কেবল শক্তিশালীই হয়েছে, পাকিস্তান ক্রমে দুর্বল থেকে দুর্বলতর।”
ভারতের হয়ে ৩৭ টেস্ট ও ৭০ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যানের মতে, স্পিন দিয়েই কেবল ভারতকে কিছুটা বেগ দিতে পারে পাকিস্তান। তবে সেটিও ভারতের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হবে না।
“একটি ব্যাপার দেখার অপেক্ষায় আছি, যদি কোনো চমকপ্রদ বা অপ্রত্যাশিত ফলাফল হয়, সেটি হতে পারে পাকিস্তান যদি ভারতকে স্পিন দিয়ে আক্রমণ করে। তাদের স্কোয়াডে স্পিনিং বিকল্প আছে ৬ জন। যদি সঠিক একাদশ তারা বেছে নিতে পারে, ৫ জন স্পিনার নিয়ে খেলতে পারে তারা এবং সেটা দিয়েই ভারতকে আক্রমণ করতে হবে, শাহিন আফ্রিদি বা নাসিশ শাহকে দিয়ে নয়।”
“তাদের স্পিন দিয়ে আক্রমণ করা উচিত, কারণ সাম্প্রতিক সময়ে স্পিনের সামনে সামান্য নড়বড়ে মনে হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। ভারতের বিপক্ষে পাকিস্তানের কেবল এই একটি অস্ত্রই আছে। তবে এটিও আসলে ছোট অস্ত্র, কোনো ব্রহ্মাস্ত্র নয়।”
হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী, ব্রহ্মাস্ত্র হলো দেবতা ব্রহ্মার তৈরি সর্বোচ্চ ও অত্যন্ত ধ্বংসাত্মক মহাকাশীয় অস্ত্র, যা মহাবিশ্ব বা সৃষ্টি ধ্বংস করতে সক্ষম।
পাকিস্তানের রসদে তেমন কোনো মহাস্ত্র নেই, তাই তাদের জয়ের আশাও দেখছেন না ৬০ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান।
“কাজেই যা বলেছি, ভারতের উচিত পাকিস্তানতে সহজেই হারানো। পাকিস্তান আগে যেমন দল ছিল, এখন আর তেমন নেই। ম্যাচকে ঘিরে আলোচনা ও অন্যান্য সবকিছু থাকবে, তবে ফলাফল আগের মতোই আশা করতে পারি। যেটা বললাম, সামান্য দুর্ভাবনার কারণ আছে যদি পাকিস্তান যদি স্মার্ট হয় ও স্পিন দিয়ে আক্রমণ করে, তাহলে হয়তো লড়াই কিছুটা জমতে পারে।”