২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাড়তি চাপ’ মেনে নিয়ে বিনোদনের প্রতিশ্রুতি ভারত অধিনায়কের

ঘরের মাঠে বিশ্বকাপে চাপ অনুভব করলেও, দেশের বিশাল জনসংখ্যার সমর্থনকে ইতিবাচকভাবে কাজে লাগাতে চান ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

‘বাড়তি চাপ’ মেনে নিয়ে বিনোদনের প্রতিশ্রুতি ভারত অধিনায়কের
বিশ্বকাপে কোনো দলকেই হালকাভাবে নিচ্ছেন না ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। ছবি: আইসিসি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 08:28 AM

Updated : 26 Aug 2026, 02:53 PM

এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিটদের একটি ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় প্রত্যাশার চাপও থাকবে তাদের প্রতি বেশি। সেই চাপকে আলিঙ্গন করেই সমর্থকদের বিনোদনদায়ী ক্রিকেট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

বিশ্বকাপের উদ্বোধনী দিন শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে সহ-আয়োজকরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। এবার শিরোপা জয়ের জন্য তাদেরকেই সবচেয়ে বেশি এগিয়ে রাখছে অনেকে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে যখন মাঠে নামবে ভারত, ৩০ হাজারের বেশি দর্শক থাকবে ওয়াংখেড়ের গ্যালারিতে। কোটি কোটি ভারতীয়র চোখ থাকবে টিভি পর্দায়।

আগের দিন সংবাদ সম্মেলনে সুরিয়ারকুমার বলেন, চাপ অনুভব করলেও দেশের বিশাল জনসংখ্যার সমর্থনকে ইতিবাচকভাবে কাজে লাগাতে চেষ্টা করবেন তারা।

“যখন ঘরের মাঠে খেলবেন, তখন সবসময়ই বাড়তি চাপ থাকে। আমি এই সত্য অস্বীকার করছি না। সত্যি বলতে, স্নায়ুচাপ থাকবে, চাপ থাকবে; কিন্তু যদি এর ইতিবাচক দিকটি দেখেন, চারপাশে অনেক আনন্দ-উল্লাস আর উৎসাহও থাকবে।”

“স্টেডিয়ামে অনেক লোক আসবে খেলা দেখতে, ছেলেদেরকেও আমি একই কথা বলেছি, ৩০-৩৫ হাজার লোক আসবে, অনেক মানুষ বাড়িতে বসে দেখবে। চলো তাদের ভালো সময় উপহার দেই, তাদের বিনোদন দেই।”

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। তাই কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না সুরিয়াকুমার।

“প্রতিযোগিতায় কোনো দুর্বল দল দেখছি না আমি। ২০টি দলই ভালো ক্রিকেট খেলার জন্য যথেষ্ট সক্ষম। এই ফরম্যাটে একজন বা দুজন ব্যাটসম্যান পার্থক্য গড়ে দিতে পারে। অথবা যেকোনো দিনে ২৪টি বল ভালোভাবে করতে একজন বা দুজন বোলারের প্রয়োজন হয়।”

“তাই আমাদেরকে একইভাবে খেলতে হবে, যেভাবে আমরা সব দলের বিপক্ষে খেলি।”