২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সেরাটা খেলে বাংলাদেশকে হারাতে চায় জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন বললেন, পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও তাদের পা আছে মাটিতেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 07:09 PM

Updated : 29 Oct 2022, 08:15 PM

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে অবিস্মরণীয় জয়। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের পারদ এখন চূড়ায় জিম্বাবুয়ের। এবার তাদের প্রতিপক্ষ খারাপ সময়ের মধ্যে থাকা বাংলাদেশ। বৈশ্বিক আসরে প্রথমবার দলটির মুখোমুখি হওয়ার আগে পা মাটিতেই রাখছেন ক্রেইগ আরভিন। জিম্বাবুয়ে অধিনায়ক বললেন, সাকিব-লিটনদের হারাতে হলে খেলতে হবে নিজেদের সর্বোচ্চটা দিয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে দুই নম্বর গ্রুপের ম্যাচে রোববার মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ব্রিজবেনে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচ।

মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কল্যাণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক পয়েন্ট পায় জিম্বাবুয়ে। পরে তারা হারিয়ে দেয় টুর্নামেন্টের ফেভারিট দলগুলোর একটি পাকিস্তানকে। ১৩০ রানের পুঁজি নিয়ে দারুণ বোলিং-ফিল্ডিং উপহার দিয়ে তুলে নেয় ১ রানের নাটকীয় জয়। তাতে সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছে আফ্রিকার দলটি।

নেদারল্যান্ডসকে হারিয়ে মূল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্রেফ উড়ে গেছে। ২০৫ রান তাড়ায় ১০৪ রানে হেরে গড়েছে টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ ব্যবধানে হারার বিব্রতকর রেকর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে বাংলাদেশ। এই সংস্করণে এখন পর্যন্ত ১৯ বারের দেখায় বাংলাদেশের জয় ১২ ম্যাচে, জিম্বাবুয়ে জিতেছে সাতটিতে। অবশ্য সবশেষ সিরিজেই ২-১ ব্যবধানে জিতেছে তারা।

টি-টোয়েন্টি সংস্করণই এমন, পলকে বদলে যেতে পারে ম্যাচের মোড়; ভালো করেই জানেন আরভিন। পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী থাকলেও বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চটা দেওয়ার কথাই আগের দিনের সংবাদ সম্মেলনে বললেন জিম্বাবুয়ে অধিনায়ক।

“দেখুন, আমার মনে হয় প্রতি ম্যাচেই আমাদের দারুণ সুযোগ রয়েছে। আর টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটি খেলা, যেখানে কয়েকজন ক্রিকেটার ওইদিন নিজেদের মেলে ধরলেই যে কোনো দলকে হারানো সম্ভব। আমরা জানি, বাংলাদেশ মানসম্পন্ন দল। তাদের বিপক্ষে আগামীকাল আমাদের সেরা খেলাটাই খেলব।”

“ছেলেরা অনেক খুশি এবং সফল হতে আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিপক্ষে জয়ে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। তবে আমরা জানি, এই খেলাটি কত দ্রুত রূপ বদলায়।”