২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রিনকে বলেছি, আমার জন্য আর কয়েকটা দিন বাইরে থাকো’

আপাতত অস্ট্রেলিয়ার একাদশ পরিবর্তনের কোনো ভাবনা নেই বলে জানালেন মিচেল মার্শ।

‘গ্রিনকে বলেছি, আমার জন্য আর কয়েকটা দিন বাইরে থাকো’

ক্যামেরন গ্রিন (বামে)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 06:20 PM

Updated : 24 Oct 2022, 06:27 PM

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যামেরন গ্রিনকে একাদশে আনা উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। তবে পূর্বসূরির সঙ্গে একমত নন মিচেল মার্শ। তেমন কিছু হলে যে বাইরে যেতে হতে পারে তার নিজেকেই! তাই মজা করে এই অলরাউন্ডার বললেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের জন্য গ্রিনকে অপেক্ষা করতে বলেছেন তিনি।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে গেছে ৮৯ রানে। সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে চ্যাম্পিয়নদের জয়ের বিকল্প নেই বললেই চলে।

ম্যাচটি হবে পার্থ স্টেডিয়ামে। জশ ইংলিসের চোটে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া গ্রিনের জন্মও পার্থে। এখানকার কন্ডিশন তাই খুব ভালো করেই চেনা এই পেস বোলিং অলরাউন্ডারের। ২৩ বছর বয়সী ক্রিকেটারকে দিয়ে তাই শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ওপেন করানোর পরামর্শ দেন দুবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক পন্টিং।

গত এপ্রিলে টি-টোয়েন্টি অভিষিক্ত গ্রিনকে মার্শ নিজেও একাদশে চান কি-না, এমন প্রশ্নে সোমবার সংবাদ সম্মেলনে নিজের ভাবনা জানান এই পেস বোলিং অলরাউন্ডার।

“হ্যাঁ এবং না। হ্যাঁ, কারণ সে অবিশ্বাস্য প্রতিভাবান একজন ক্রিকেটার। না, কারণ সে একাদশে এলে সম্ভবত আমার জায়গা হারাতে হবে। আমাদের মাঝে কথা হয়েছে। আমি তাকে শান্ত থাকতে এবং আমাকে আরও কয়েক সপ্তাহ সময় দিতে বলেছি। এরপর সবকিছুই তার।”

“আমি মনে করি, যে কোনো সময় তার মতো কেউ যখন সাইডলাইনে থাকে, সেটা দারুণ। এটি দলের মধ্যে চাপ সৃষ্টি করে। আমরা জানি, টুর্নামেন্ট জুড়ে অনেক কিছু ঘটতে পারে- চোট, টানা খেলা। তাই যদি সুযোগ আসে সে প্রস্তুত থাকবে। আপাতত আমি মনে করি, আমাদের সঠিক একাদশই আছে।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পাননি স্টিভেন স্মিথও। খেলতে না পেরে কি বেশি বিরক্ত অভিজ্ঞ এই ব্যাটসম্যান? মার্শ এখানেও খানিকটা মজা করলেও তুলে ধরলেন স্মিথের গুরুত্ব।  

“প্রতি পাঁচ মিনিটে তার গ্লাভস খুলে ফেলার দৃশ্য না দেখাটা অবশ্যই ভালো! তিনি অসাধারণ একজন ক্রিকেটার। এমন একজন, যিনি আক্ষরিক অর্থে খেলাটির জন্য সবকিছুই করেছেন। তার অনেক অভিজ্ঞতা আছে। তিনি দলে দারুণ প্রভাব রাখছেন, বেঞ্চে শক্তির সঞ্চার করছেন। স্টিভের মতো কারও কাছ থেকে কেউ কম কিছু আশা করবে না।”