ভারত টি-টোয়েন্টি দলে রাহুলের বদলি স্যামসন
রাহুলকে বিশ্রাম দিয়েছে ভারতের চিকিৎসক দল।
লোকেশ রাহুলের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া কপাল খুলে দিয়েছে সাঞ্জু স্যামসনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানকে।
রাহুল কদিন আগে কোভিড পজিটিভ হন। ভারতের চিকিৎসক দল তাকে বিশ্রাম দিয়েছে। তার বদলি হিসেবে স্যামসনকে দলে নেওয়ার কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
রাহুলকে প্রাথমিকভাবে পাঁচ ম্যাচের এই সিরিজের দলে রাখা হয়েছিল ম্যাচ ফিটনেস পাওয়া সাপেক্ষে। কুঁচকির চোটে অস্ত্রোপচার করাতে হয়েছিল তার। সেই কারণে পুরো ইংল্যান্ড সফরে ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারেননি। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে শুরুতে অধিনায়ক করা হয়েছিল তাকে।
গত ফেব্রুয়ারির পর থেকে রাহুল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ভারতের হয়ে সবশেষ তিনি টি-টোয়েন্টি খেলেছিলেন গত বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে।
স্যামসন ওয়েস্ট ইন্ডিজে ভারত দলের সঙ্গেই আছেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচের একটিতে ফিফটি করেছেন তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত ১৪ টি-টোয়েন্টির সবশেষটি তিনি খেলেছেন গত জুনে আয়ারল্যান্ড সফরে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠে এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
