২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর

চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়েছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 07:40 PM

Updated : 19 Jun 2023, 07:40 PM

চমৎকার বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতে আটকে রাখতে বড় অবদান রাখলেন আইনুল ইসলাম। দুইশর কম রান তাড়ায় সম্মিলিত চেষ্টায় বাকি কাজ সারলেন ব্যাটসম্যানরা। চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে স্কুল ক্রিকেটের শিরোপা ঘরে তুলল দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। 

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে সোমবার দিনাজপুরের জয় ৩ উইকেটে।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭৪ রান করে চাঁদপুর। দিনাজপুরের ইনিংসে ২০ ওভারে সময় হানা দেয় বৃষ্টি। তখন তাদের স্কোর ছিল ৩ উইকেটে ১০২। পরে তাদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ১৫৮ রানের, যা ৫৬ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে দিনাজপুর।

৪০ রানে ৪ উইকেট নিয়ে দিনাজপুরের জয়ের নায়ক আইনুল। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন এই পেসার।

ম্যাচে একমাত্র ফিফটি আসে চাঁদপুরের অধিনায়ক সালমান জাহানের ব্যাট থেকে। চারে নেমে ১ ছক্কা ও ৬ চারে ৬৭ রান করেন তিনি। আসরে সর্বোচ্চ ৩৬০ রান করা এই ব্যাটসম্যানের হাতেই ওঠে টুর্নামেন্ট সেরার পুরস্কার।

চাঁদপুরের হয়ে আরও চার জন স্পর্শ করেন দুই অঙ্ক। কিন্তু কেউই খেলতে পারেননি বড় ইনিংস। তাদের চার জন ব্যাটসম্যান কাটা পড়েন রান আউটে।

লক্ষ্য তাড়ায় দিনাজপুরকে ভালো শুরু এনে দেন আব্দুর রউফ। ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান করতে ২ ছক্কা ও ৩ চার মারেন এই ওপেনার। 

সঙ্গে ব্যাট হাতে বাকিরাও রাখেন টুকটাক অবদান। এতে জয়ের বন্দরে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি দিনাজপুরকে।

চাঁদপুরের হয়ে ৪৭ রানে ৪ উইকেট নেন আবদুল্লাহ সিপাত। টুর্নামেন্টে সর্বোচ্চ ৯ ম্যাচে ২৭ উইকেট নেন নেত্রকোণা মধুমাছি কচিকাচা বিদ্যা নিকেতনের সোহেল রানা জীবন।

দলকে চ্যাম্পিয়ন করতে পেরে উচ্ছ্বসিত দিনাজপুরের কোচ রাজন ইসলাম। বললেন, নিজেদের ওপর বিশ্বাস রাখার কথা।

“আত্মবিশ্বাস ছিল এবার আমরাই চ্যাম্পিয়ন হবো। এই দলকে চ্যাম্পিয়ন করার সব কৃতিত্ব দেব এই ছেলেদের। আজকের বৃষ্টির কারণে একটু দুশ্চিন্তা হয়েছিল। বৃষ্টির পর খেলা শুরু হলে এক ওভারে দুজন আউট হওয়ায় স্নায়ুচাপে পড়ি। কিন্তু শেষ পর্যন্ত ছেলেরা ম্যাচ বের করে এনেছে।”

শিরোপাজয়ী দলের অধিনায়ক মারুফ হোসেনও বললেন, চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস ছিল তাদের।

“যখন আমরা ফাইনালে উঠি তখনই ভেবেছিলাম, চ্যাম্পিয়ন হবো। আসলে এবার আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি। প্রতিপক্ষকে কম রানে আটকে রাখতে চেয়েছিলাম। সেটা পেরেছি। যদিও বৃষ্টি আসায় খারাপ লাগছিল। চেয়েছিলাম খেলে জিতব, এবং খেলেই চ্যাম্পিয়ন হয়েছি আমরা। এতদিন যে কষ্ট করেছি সেটা সার্থক হয়েছে।”