যে কারণে শেষ দিকে স্পিনার রেখেছিলেন সাকিব
পেসারদের ওভার আগেভাগেই শেষ করে দেওয়ার ব্যাখ্যা দিলেন বাংলাদেশ অধিনায়ক।
শেষ তিন ওভারের দুটিতে বোলিংয়ে একজন অফ স্পিনার, আরেকটিতে অভিষিক্ত ফাস্ট বোলার। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন কিছু বিরল। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে এই পথই বেছে নিয়েছিল বাংলাদেশ। খেসারতও দিতে হয়েছে ম্যাচ হেরে। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান ব্যাখ্যা করলেন তার বোলিং পরিবর্তনের পরিকল্পনা কেমন ছিল।
সীমিত ওভারের ক্রিকেটে শেষের ওভারগুলোয় মূলত মুস্তাফিজুর রহমানের ওপর দলের নির্ভরতা থাকে বেশি। এই বাঁহাতি পেসার যদিও ছন্দে নেই। তবে অভিজ্ঞতা তার আছে অনেক। কিন্তু এ দিন তার বোলিং আগেই শেষ করে দেন সাকিব।
শ্রীলঙ্কার রান তাড়ায় ১৫তম ওভারে মুস্তাফিজকে আক্রমণে আনেন সাকিব। সেই পদক্ষেপ কাজে দেয়, দারুণ খেলতে থাকা কুসল মেন্ডিসের (৩৭ বলে ৬০) উইকেট নেন বাঁহাতি পেসার। তবে অনেকটা বিস্ময়করভাবে, ১৭তম ওভারে মুস্তাফিজের চতুর্থ ওভার শেষ করে দেন বাংলাদেশ অধিনায়ক।
এ দিন দুর্দান্ত বোলিং করা আরেক পেসার তাসকিন আহমেদের ৪ ওভার ফুরিয়ে যায় ১৬ ওভারের মধ্যে। এমনকি অধিনায়ক সাকিব, যিনি ৩৬৯ টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতায় সমৃদ্ধ, উইকেট শিকার করেছেন চারশর বেশি, ৪ ওভার শেষ ১২ ওভারের মধ্যেই।
শেষ ৩ ওভারে যখন শ্রীলঙ্কার প্রয়োজন ৩৪ রান, তখন দুই অফ স্পিনার শেখ মেহেদি হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে বোলিং বাকি ছিল অভিষিক্ত ফাস্ট বোলার ইবাদত হোসেনের। তাদের বাইরে বিকল্প ছিলেন মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। তারা তিনজনও অফ স্পিনার এবং কেউই নিয়মিত বোলার নন।
সাকিব ১৮তম ওভারে আক্রমণে আনেন শেখ মেহেদিকে। ওভারে ৯ রান দিলেও দাসুন শানাকার মহামূল্য উইকেট তিনি আদায় করে নেন। তাতে জিইয়ে থাকে বাংলাদেশের আশা। কিন্তু পরের ওভারে অনেকটাই তা দূরে সরে যায়।
প্রথম দুই ওভারে ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পর তৃতীয় ওভারে ২২ রান দেন ইবাদত। আর কোনো পেসারের ওভার না থাকায় ১৯তম ওভারে তার হাতেই বল তুলে দিতে হয়। ওই ওভার থেকে আসে ১৭ রান!
যদিও এই ওভারের পঞ্চম বলে সাকিব সরাসরি থ্রোয়ে চামিকা করুনারত্নেকে রান আউট করে আবার বাংলাদেশের সম্ভাবনা জাগিয়ে তোলেন। তবে ওভারের শেষ বলটি ইবাদত করেন বেশ বাইরে আলগা এক ডেলিভারি। সেটিকে বাউন্ডারিতে পাঠান দশে নামা অভিষিক্ত লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো।
শেষ ওভারে আবার মেহেদি এবং তিনি পারেননি চাপকে জয় করতে। তার দ্বিতীয় বলে আসিথা বাউন্ডারি মারেন আরেকটি। তৃতীয় বলে রান হয় দুই, সঙ্গে ‘নো’ বলের সৌজন্যে জিতে যায় শ্রীলঙ্কা।
ম্যাচ শেষে ধারাভাষ্যকার দিপ দাস গুপ্ত জানতে চাইলেন মূল পেসারদের ওভার আগেই শেষ করে দেওয়ার কারণ। সাকিব ব্যাখ্যা করলেন তার সিদ্ধান্তের পেছনের ভাবনা।
“আমরা উইকেট নিতে চেয়েছি। যেহেতু ফাস্ট বোলাররা উইকেট পাচ্ছিল, আমরা ভেবেছিলাম যে উইকেট নিতে থাকলে শ্রীলঙ্কার ওপর তা চাপ তৈরি করবে। আমরা সেটাই করতে চাচ্ছিলাম।”
“আর দেখুন, বোলাররা যেখানেই বল করুক, তাদের তো পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। তারা যদি সেটা করতে পারে, ১৮০ রান করে বেশির ভাগ সময়ই ম্যাচ জেতা যায়।”
