Published : 21 Jan 2024, 12:36 PM
২২ গজে লড়াইটা ব্যাট-বলের। লড়াইটা স্কিলের ও পরিকল্পনার বাস্তবায়নের। তবে এসবের বাইরে মনস্তাত্ত্বিক লড়াইটাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন মন্টি পানেসার। বিশেষ করে, ভিরাট কোহলির বিপক্ষে। ভারতের আক্ষেপ ও হতাশার একটি জায়গায় আঘাত করে কোহলিকে মানসিকভাবে ঘায়েল করার পরামর্শ দিলেন সাবেক এই ইংলিশ স্পিনার।
‘বাজবল’ ঘরানার ক্রিকেট দিয়ে টেস্ট ক্রিকেটে আলোড়ন ফেলে দেওয়া ইংল্যান্ডের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ ভারতের। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাসহ ভারতীয় স্পিনারদের সামলানেই হবে ইংলিশ ব্যাটারদের মূল চ্যালেঞ্জ। তবে ইংলিশ বোলারদের জীবন দুর্বিসহ করে তোলার অপেক্ষায় আছেন ভারতীয় ব্যাটসম্যানরাও। সেখানে মূল নামটি অবশ্যই কোহলির।
এমনিতেই তিনি ভারতের বড় ভরসা। ইংলিশদের বিপক্ষে তার রেকর্ডও দারুণ। তাদের বিপক্ষেই করেছেন প্রায় ২ হাজার টেস্ট রান। এর চেয়ে বেশি রান করেছেন তিনি করেছেন কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশেষ করে, দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ১ হাজার ১৫ রান করেছেন তিনি ৫৬.৩৮ গড়ে।
তাকে স্তিমিত করতে তাই শুধু বোলিং স্কিলে নয়, মনস্তাত্ত্বিক খেলাও খেলতে বলছেন পানেসার। যদিও কোহলিকে তাতিয়ে বা খেপিয়ে দিয়ে কখনও কখনও প্রতিপক্ষরা উল্টো ফলও পেয়েছে। তবে ইন্ডিয়া ডট কমের সঙ্গে কথোপকথনে এই পথ বেছে নেওয়ারই পরামর্শ দিলেন ৫০ টেস্ট খেলা সাবেক স্পিনার।
“তার ইগো নিয়ে খেলতে হবে এবং মনস্তাত্ত্বিকভাবে তার ভেতরে প্রভাব ফেলতে হবে। এই ধরনের কথাও তাকে বলতে হবে যে, ‘ফাইনালে এলেই তোমরা চোকার।’ এভাবেই তাকে স্লেজিং করতে হব। কারণ বেন স্টোকস ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, কিন্তু কোহলি পারেনি। এখানেই তাকে মানসিকভাবে আঘাত করতে হবে।”
গত বছর ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে আগের চক্রেও। এছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তারা হেরেছে সেমি-ফাইনালে। আইসিসি টুর্নামেন্টের শিরোপা দেখা পাচ্ছে না তারা ১০ বছরের বেশি সময় ধরে। এই সব আসরেই ছিলেন কোহলি।
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অংশ অবশ্য ছিলেন তিনি। তবে তখনও তিনি বড় তারকা হয়ে ওঠেননি, সেই জয়ে তার প্রভাবও তেমন ছিল না। আইসিসি ট্রফি জয়ের লম্বা খরার সেই যন্ত্রণার জায়গাতেই ছোবল দিতে বলছেন পানেসার।
টেস্ট ক্যারিয়ারে কোহলি সবচেয়ে বেশি ৭ বার আউট হয়েছেন ন্যাথান লায়ন ও জিমি অ্যান্ডারসনের বলে। ২০১৪ সালে তার সেই বিভীষিকার ইংল্যান্ড সফরে ৪ বার আউট হয়েছিলেন তিনি অ্যান্ডারসনের বলে। পর অবশ্য অভিজ্ঞ এই পেসারকে বেশ ভালোই সামলেছেন তিনি। সবশেষ চার সিরিজে এই পেসারের শিকার হয়েছেন তিনি স্রেফ দুই বার।
তবে পানেসারের মতে, এবারও কোহলির ঘাতক হতে পারেন অ্যান্ডারসন।
“আমার মনে হয়, জিমি অ্যান্ডারসনই আবার হবেন (শিকারি) এবং রিভার্স সুইংয়ে কোহলিকে আউট করবে সে।”
হায়দরাবাদ টেস্ট দিয়ে বহুল আলোচিত ৫ ম্যাচের এই সিরিজ শুরু বৃহস্পতিবার।