১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘অসাধারণ ও স্পেশাল ইনিংস, চাপম্যানকে টুপি খোলা অভিনন্দন’

স্মরণীয় এক সেঞ্চুরিতে পাকিস্তানের আশা গুঁড়িয়ে অবিশ্বাস্যভাবে নিউ জিল্যান্ডকে জয় এনে দেন মার্ক চাপম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 10:37 AM

Updated : 25 Apr 2023, 02:40 PM

সেরা দলের সবাইকে পেলে মার্ক চাপম্যান একাদশে জায়গা পেতেন কি না সন্দেহ। সেই তিনিই এখন স্মরণীয় সেঞ্চুরিতে রূপকথার মতো এক জয়ের নায়ক। ম্যাচের চারভাগের তিন ভাগ শেষে লড়াইয়েও ছিল না নিউ জিল্যান্ড। পাকিস্তানের সিরিজ জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। সেখান থেকেই জিমি নিশামকে নিয়ে অবিশ্বাস্যভাবে জয় এনে দিলেন চাপম্যান। কিউইদের জয়ের নায়ককে ম্যাচ শেষে স্তুতির জোয়ারে ভাসালেন অধিনায়ক টম ল্যাথাম ও কোচ গ্যারি স্টেড।

৫ ম্যাচ সিরিজের শেষটিতে সোমবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় নিউ জিল্যান্ড। আইপিএল ও চোট মিলিয়ে সম্ভাব্য সেরা দলের ৭-৮ জনকে ছাড়া খেলতে নামা কিউইরা ২-০তে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ করতে পারল সিরিজ। অন্য ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে।

সিরিজের আগের ম্যাচগুলিতেও নিজের ছাপ রাখেন চাপম্যান। তবে শেষ ম্যাচে ছাপিয়ে গেলেন সবকিছুকে, ছাড়িয়ে গেলেন নিজেকেও।

মোহাম্মদ রিজওয়ানের ৬২ বলে অপরাজিত ৯৮ রানের সঙ্গে ইফতিখার আহমেদের ২২ বলে ৩৬ ও শেষ দিকে ইমাদ ওয়াসিমের ১৪ বলে ৩১ রানের ইনিংসে পাকিস্তান তোলে ২০ ওভারে ১৯৩ রান। রান তাড়ায় প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির তোপে নিউ জিল্যান্ড হারায় ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম ও তিনে নামা উইল ইয়াংকে। চতুর্থ ওভারে চ্যাড বাওয়েস যখন বিদায় নেন, রান তখন ৩ উইকেটে ২৬।

চাপম্যান ক্রিজে যান তখনই। শুরুতে কিছুটা সময় নেন তিনি। প্রথম রান করতে বল খেলেন সাতটি। পাওয়ার প্লেতে নিউ জিল্যান্ডের রান ৩ উইকটে ৩৩। পাওয়ার প্লে শেষ হতেই শাদাব খানকে চার ও ছক্কা মেরে পাল্টা আক্রমণ শুরু করেন চাপম্যান। তবে আরেক পাশ থেকে রান আসছিল না। শেষ পর্যন্ত ১৮ বলে ১৫ রান করে ড্যারিল মিচেল আউট হয়ে যান দশম ওভারে।

শেষ ১০ ওভারে নিউ জিল্যান্ডের প্রয়োজন পড়ে ১২১ রানের। কে বাজি ধরবে তাদের পক্ষে!

বাকিটা চাপম্যানের বীরত্বের গল্প, যেখানে পার্শ্বনায়ক জিমি নিশাম। দুই পাশ থেকে আক্রমণের স্রোত বইয়ে দেন দুজন। চার-ছক্কা আসতে থাকে প্রতি ওভারেই। পার পাননি পাকিস্তানের কোনো বোলারই।

৩০ বলে ফিফটি করেন চাপম্যান। পরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন। ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে লাগে কেবল ২৪ বল।

পাকিস্তানের শেষ ভরসা ছিল শাহিন শাহ আফ্রিদি। কিন্তু তাকেও তুলাধুনা করেন চাপম্যান। ৩ ওভারে যখন প্রয়োজন ২৮ রান, আফ্রিদির ওভারে তিন চারে ১৬ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ২৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। দলকেও এগিয়ে নেন জয়ের কাছে।

শেষ পর্যন্ত চার বল বাকি থাকতেই ধরা দেয় জয়। ১১ চার ও ৪ ছক্কায় ৫৭ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন চাপম্যান। ২৫ বলে ৪৫ রানে অপরাজিত নিশাম।

দুজনের জুটিতে ১২১ রান আসে স্রেফ ৫৮ বলে। টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে যা বিশ্বরেকর্ড।

ম্যাচের সেরা তো বটেই, ১৬৫.৭১ স্ট্রাইক রেটে ২৯০ রান করে সিরিজের সেরাও চাপম্যান। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান করা রিজওয়ানের সংগ্রহ স্রেফ ১৬২!

বাংলাদেশে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই চাপম্যানের আন্তর্জাতিক অভিষেক হংকংয়ের হয়ে। জন্মভূমির হয়ে ১৯ টি-টোয়েন্টি ও ২ ওয়ানডে খেলেন তিনি। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেন হংকংয়ের হয়েই। তবে স্বপ্ন তার সবসময়ই ছিল বাবার দেশ নিউ জিল্যান্ডের হয়ে খেলা। সেই আশা পূরণ হয় ২০১৮ সালে।

এই লম্বা সময়ে দলে জায়গা পাকা করতে পারেননি। নিউ জিল্যান্ডের হয়ে ওয়ানডে খেলেছেন ৫টি। সবশেষটি গত বছরের জুলাইয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৭৫ বলে ১০১ রানের ইনিংস খেললেও আর সুযোগই পাননি। টি-টোয়েন্টিতে অবশ্য নানা সময়ে নিয়মিতদের অনুপস্থিতিতে কিছুটা বেশি সুযোগ মিলেছে তার। টুকটাক পারফর্মও করেছেন। তবে এই সিরিজে যেভাবে পারফর্ম করলেন, তাতে এই সংস্করণে অন্তত জায়গা পাকা করার আশা করতেই পারেন!

স্বল্পভাষী চাপম্যান ম্যাচ শেষে নিজের চেয়ে বেশি বললেন দলের জয়ের কথা, কৃতিত্ব দিলেন নিশামকে।

“যেভাবে আজকে রাতে সিরিজে সমতা ফেরাতে পারলাম এবং কাজ শেষ করতে পারলাম, তাতে আমরা উচ্ছ্বসিত। প্রথম দুই ম্যাচে আসলে এখানে এসে মানিয়ে নিতে একটু সময় লেগেছে। এরপর যেভাবে আমরা এগিয়েছি, তা দারুণ। আমি চেষ্টা করেছি নিজের মতো খেলে যেতে। জিমি নিশামকে কৃতিত্ব দিতে হবে। সে নামার পর যেভাবে আক্রমণ করে খেলেছে, আমার ওপর থেকে চাপ অনেকটাই সরে গেছে তাতে।”

ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম অবশ্য চাপম্যানকে প্রাপ্য কৃতিত্বটুকু বুঝিয়ে দিলেন।

“আমাদের অনেকেরই দেখা জীবনের সেরা ইনিংসগুলির একটি এটি। চাপম্যানকে টুপি খোলা অভিনন্দন। চাপম্যান ও নিশামের জুটি দুর্দান্ত খেলে চাপটা প্রতিপক্ষের ওপর ফিরিয়ে দেয়। অসাধারণ খেলেছে ওরা।”

এই ইনিংসের তাৎক্ষনিক পুরস্কারও পেয়ে গেছেন চাপম্যান। ওয়ানডে সিরিজের দলে শুরুতে না থাকলেও এই ম্যাচের পর দলে যোগ করা হয় তাকে।

“বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলিং আক্রমণের একটির বিপক্ষে যেভাবে খেলেছে মার্ক (চাপম্যান), কোনো অংশেই তা অসাধারণ কিছুর চেয়ে কম নয়। পঞ্চম ও সিরিজ নির্ধারণ ম্যাচে যে ইনিংসটি সে খেলেছে, তা স্পেশাল এবং এমন দারুণ ফর্মের একজনকে ওয়ানডে দলে যোগ করতে পেরে আমরা খুশি।”

ওয়ানডেতে নিউ জিল্যান্ড পাবে দুই ব্যাটসম্যান টম ব্লান্ডেল ও হেনরি নিকোলসকেও।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু বৃহস্পতিবার।