শ্রীলঙ্কা ম্যাচ ভুলে বাংলাদেশ ম্যাচে তাকিয়ে রশিদ খান
আগের ম্যাচে বড় জয় পেলেও নতুন দিনে নতুন প্রেরণায় মাঠে নামবে আফগানিস্তান, বলছেন তারকা লেগ স্পিনার রশিদ খান।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে যেভাবে গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তান, সেটিই হতে পারত এশিয়া কাপে তাদের সামনে ছুটে চলার পাথেয়। তবে আফগানদের দর্শনই আলাদা। এক জয়েই ডানা মেলে না দিয়ে তারা হাঁটতে চায় বাস্তবতার জমিনে। লঙ্কানদের হারানোর সাফল্য তাদের কাছে এখন অতীত। তারকা লেগ স্পিনার রশিদ খান বললেন, নতুন উদ্যমে তারা প্রস্তুত বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের জন্য।
এবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৮ উইকেটের জয়ে লঙ্কানদের বেশ বিব্রত করে ছাড়ে আফগানরা। মঙ্গলবার শারজাহতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও তারা মাঠে নামবে পরিষ্কার ফেবারিট হিসেবে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম চরম বাজে। এই সংস্করণে দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আফগানিস্তান। সঙ্গে লঙ্কানদের হারানোর তারতাজা আত্মবিশ্বাস তাদের সঙ্গী।
তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আফগানদের বড় ভরসা রশিদ বললেন, আগের ম্যাচের সুবাস গায়ে না মেখে নতুন চ্যালেঞ্জের জন্য তারা তৈরি।
“আমরা সবাই খুব ভালোভাবে প্রস্তুত। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলেছি। তবে সেই ম্যাচ এখন অতীত। সামনে নতুন খেলা। আমরা সবসময় প্রতিটি ম্যাচ নিয়েই পরিকল্পনা করি। আগে কী হয়েছে বা ভবিষ্যতে কী হবে, এসব আমরা ভাবি না। একটি করে ম্যাচ ধরে আমরা এগিয়ে যাই এবং শতভাগ দিতে চাই।”
“আমরা শুধু আমাদের করণীয় ভাবি। ফলাফল আমাদের হাতে নেই। তবে কঠোর পরিশ্রম ও প্রস্তুতি আমার হাতেই। আমরা সেটা নিশ্চিত করতে চাই। অন্য দল আমাদের কীভাবে দেখছে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যা পারি, নিজেদের সামর্থ্য ও স্কিল মেলে ধরতে।”
সাম্প্রতিক বাস্তবতায় এই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা সামান্য। তবে তাদের জন্য খানিকটা আশার আলো আছে নতৃন নেতৃত্বের কারণে। দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হবে এই আসর দিয়েই। নতুন শুরুর তাড়না দেখা গেছে দলে।
সেই ইতিবাচকতার ছোঁয়া অনুধাবন করতে পারছেন প্রতিপক্ষ দলের রশিদ খানও। তবে টি-টোয়েন্টি জগতের এই মহাতারকা আবারও বললেন, তারা শুধু নিজেদের ভাবনায় অটুট থাকতে চান।
“সাকিব ওদের দলকে নেতৃত্ব দিচ্ছে এখন। ওদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সে এবং এমন একজনের নেতৃত্বে ফেরা অবশ্যই অনেক সহায়ক হয় দলের জন্য। অনেক বড় পার্থক্য গড়ে দেয় এটা।”
“তবে আমরা এসব নিয়ে কখনও ভাবি না। পুরোটাই হলো নিজেদের প্রক্রিয়া ঠিক রাখার ব্যাপার, আমরা সেটাই চেষ্টা করি। নিজেদের ভূমিকা আমরা জানি, মাঠে কী করতে হবে, এটা জানা আছে। এসবেই আমাদের মনোযোগ। আমরা জিততে পরব নাকি ওরা জিতবে, এসব আমাদের ভাবনায় নেই। প্রক্রিয়া ঠিক রেখে আমরা নিজেদের শতভাগ দেব এবং উপভোগ করব।”
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
