Published : 21 Dec 2023, 11:36 AM
নিলামের তুমুল লড়াইয়ে কাঙ্ক্ষিত ক্রিকেটারকে দলে পেলে খুশি হওয়ার কথা সব দলের। কিন্তু পাঞ্জাব কিংসের ক্ষেত্রে হলো উল্টো। শশাঙ্ক সিংকে দলে নেওয়ার পরপরই তারা জানাল, এই ক্রিকেটারকে তাদের দরকার নেই! কিন্তু ততক্ষণে সময় শেষ, বদলানোর আর উপায় নেই।
পরে অবশ্য পাঞ্জাবের পক্ষ থেকে জানানো হয়, মূলত নাম নিয়ে সংশয়ের কারণেই অমনটা হয়েছিল। শশাঙ্ক সিং নামের দুজন ক্রিকেটার থাকায় তারা বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলেন।
দুবাইয়ে মঙ্গলবারের নিলামে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে নাম ওঠে শশাঙ্ক সিংয়ের। বাংলার এই ক্রিকেটার অবিক্রিত রয়ে যান। মিনিট তিনেক পরই নাম ওঠে আরেক শশাঙ্ক সিংয়ের।
পাঞ্জাব তখন নিজেদের শূন্যতা পূরণে একের পর এক ক্রিকেটারকে দলে নিচ্ছে। মাত্রই আশুতোষ শার্মা ও বিশ্বনাথ প্রতাপ সিংকে দলে নিয়েছে তারা। এরপর শশাঙ্ক সিংয়ের নাম উঠতেই তারা আগ্রহী হয় এবং ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই পেয়ে যায় দলে।
পরের ক্রিকেটারের নাম যখন নিলামে ওঠে, তখন পাঞ্জাবের টেবিলে দেখা যায় মৃদু অস্থিরতা। পাঞ্জাবের সত্ত্বাধিকারীদের একজন প্রীতি জিনতা কিছু একটা ইশারা করেন নিলাম পরিচালনাকারীর দিকে। আরেক সত্ত্বাধিকারী নেস ওয়াদিয়া হাত নেড়ে বুঝিয়ে দেন যে, এই শশাঙ্ক সিংকে তারা দলে চান না।
আইপিএলের প্রথম নারী নিলাম পরিচালনাকারী মাল্লিকা সাগার তখন জানতে চান, ‘আপনারা এই ক্রিকেটারকে চান না?’ নেস ওয়াদিয়া আবার ইশারায় দেখান, ‘না।’ কিন্তু মাল্লিকা জানিয়ে দেন, এখন আর উপায় নেই, সময় শেষ হয়ে গেছে।
না চাইলেও ওই ক্রিকেটারকেই দলে রাখতে হয় তাদের। ভারতীয় সংবাধ্যমে ঝড় ওঠে যে, ভুল করে একজন ক্রিকেটারকে দলে নিয়ে ফেলেছে পাঞ্জাব।
পরে অবশ্য পাঞ্জাব কিংসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ও সামাজিক মাধ্যমে ব্যাপারটির ব্যাখ্যা দিয়ে জানানো হয় যে, কাঙ্ক্ষিত শশাঙ্ক সিংকেই তারা পেয়েছে।
“পাঞ্জাব কিংস ব্যাপারটি পরিষ্কার করে দিতে চায় যে, শশাঙ্ক সিং সবসময়ই আমাদের আকাঙ্ক্ষার তালিকায় ছিল। কিন্তু একই নামের দুজন ক্রিকেটার তালিকায় থাকায় কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত এবং আশা করি, আমাদের সাফল্যে সে ভূমিকা রাখবে।”
পরে শশাঙ্ক নিজেও সেই পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেন, “সব ঠিক আছে… আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।”
যে শশাঙ্ককে পাঞ্জাব নিয়েছে, তিনি ছত্তিসগড়ের ৩২ বছর বয়সী অলরাউন্ডার। আগেও আইপিএলে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস দলে। টি-টোয়েন্টিতে ৪৪ ইনিংসে ৭২৪ রান করেছেন তিনি ১৩৫.৮৩ স্ট্রাইক রেটে। বোলিংয়ে মিডিয়াম পেস ও অফ স্পিন, দুটোই করতে পারেন। উইকেট নিয়েছেন ১৫টি।
গতবারের নিলামে অবশ্য দল পাননি তিনি। তবে সম্প্রতি ভারতের এক দিনের ম্যাচের টুর্নামেন্ট বিজায় হাজারে ট্রফিতে পরপর দুই ম্যাচে দেড়শ রানের ইনিংস খেলেছেন এই শশাঙ্ক। এক ম্যাচে ১১ ছক্কায় ১১১ বলে করেছেন ১৫৪, পরেরটিতে ৭ ছক্কায় ১১৩ বলে ১৫২। এছাড়াও সবশেষ ম্যাচে খেলেছেন ৫ ছক্কায় ৬২ বলে ৭৯ রানের ইনিংস।
আরেক শশাঙ্ক সিং, যিনি অবিক্রিত হয়ে যান, তিনি ১৯ বছর বয়সী ক্রিকেটার, স্বীকৃত কোনো ধরনের ক্রিকেটে যার এখনও মাঠে নামা হয়নি।