২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন পেয়ে পাকিস্তানের নায়ক বাবর

বাবর আজমের অধিনায়কোচিত ইনিংসে নিউ জিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

জীবন পেয়ে পাকিস্তানের নায়ক বাবর

৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 03:57 PM

Updated : 08 Oct 2022, 05:01 PM

পাওয়ার প্লেতে বাবর আজমের সহজ ক্যাচ ফেলে দিলেন গ্লেন ফিলিপস। এরপর আর পাকিস্তান অধিনায়ককে থামাতে পারল না নিউ জিল্যান্ড। জীবন পেয়ে চমৎকার ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়লেন তিনি।

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে শনিবার পাকিস্তানের জয় ৬ উইকেটে। টানা দুই ম্যাচ জিতল দলটি, আগের দিন বাংলাদেশকে হারিয়েছিল ২১ রানে।

হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যানই যান দুই অঙ্কে, ত্রিশ ছাড়ান তিন জন। কিন্তু কেউ ইনিংস লম্বা করে দলকে এনে দিতে পারেননি বড় পুঁজি। ৮ উইকেট হারিয়ে স্বাগতিকরা করতে পারে ১৪৭ রান।

রান তাড়ায় পঞ্চম ওভারে কাভারে ক্যাচ দিয়ে ২৭ রানে বেঁচে যান বাবর। সুযোগটি কাজে লাগিয়ে ১১ চারে ৫৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

শেষের মতো শুরুটাও ভালো ছিল না নিউ জিল্যান্ডের। তৃতীয় ওভারে মোহাম্মদ ওয়াসিমকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন আগ্রাসী শুরু করা ফিন অ্যালেন (৩ চারে ১৩)।

সেই ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ৬১ রানের জুটিতে গড়েন শক্ত ভিত। একাদশ ওভারে বিদায় নেন দুটি করে ছক্কা-চারে ৩৬ রান করা কনওয়ে।

এক ওভার পর সাজঘরে ফেরেন ১ চারে ৩০ বলে ৩১ রান করা উইলিয়ামসনও। দুইজনই মোহাম্মদ নাওয়াজের শিকার।

সেখান থেকে দলকে এগিয়ে নেওয়ার কাজটা করতে পারেননি ফিলিপস, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ক্যামিও ইনিংস খেলেন মার্ক চ্যাপম্যান।

পাঁচে নামা এই ব্যাটসম্যানের ২ ছক্কা ও ৩ চারে ১৬ বলে ৩২ রানের ইনিংসের সুবাদে দেড়শর কাছে যায় নিউ জিল্যান্ডের সংগ্রহ।

পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করেন হারিস রউফ। নিশাম, ব্রেসওয়েল ও চ্যাপম্যান; তিন জনই তার শিকার। দুটি করে উইকেট নেন ওয়াসিম ও নাওয়াজ।

লক্ষ্য তাড়ায় বাবরের ব্যাটে শুরুটাও ভালো করে পাকিস্তান। প্রথম ৪ ওভারে আসে ৩১ রান। পরের দুই ওভারে মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদকে হারিয়ে চাপিয়ে পড়ে যায় তারা।

ছন্দে থাকা রিজওয়ান এদিন অবশ্য ধুঁকছিলেন প্রথম থেকেই। বাবরের জীবন পাওয়ার ওভারেই ফিরে যান তিনি; টিম সাউদির বলে এলবিডব্লিউর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রিজওয়ান (১২ বলে ৪)। আর ব্লেয়ার টিকনারের বলে শূন্য রানে কট বিহাইন্ড হন মাসুদ।

৩৭ রানে দুই উইকেট হারানো দলের হাল ধরেন শাদাব খান ও বাবর। দুই জনে গড়েন ৬১ রানের জুটি, যেখানে অগ্রণী ছিলেন শাদাব। দুটি করে ছক্কা-চারে তার ২২ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস থামান টিকনার।

৩৩ বলে ফিফটি করা বাবর দলকে এগিয়ে নিতে থাকেন কাঙ্ক্ষিত ঠিকানার দিকে। তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি নাওয়াজ।

১৮ বলে যখন ২৪ রান প্রয়োজন তখন বাবর ও হায়দার আলি ঝড় বইয়ে দেন টিকনারের ওপর। ১৮তম ওভারে দুইজন মিলে তিন চার ও এক ছক্কায় তোলেন ২১ রান।

পরের ওভারে সোধিকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন বাবর। ২ বল খেলা হায়দার একটি করে ছক্কা-চারে ১০ রান করে থাকেন অপরাজিত।

দুই দল আগামী মঙ্গলবার আবারও মুখোমুখি হবে। নিউ জিল্যান্ডের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে রোববার।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৪৭/৮ (অ্যালেন ১৩, কনওয়ে ৩৬, উইলিয়ামসন ৩১, ফিলিপস ১৮, চাপম্যান ৩২, নিশাম ৫, ব্রেসওয়েল ০, সোধি ২, সাউদি ১*, বোল্ট ২*; রউফ ৪-০-২৮-৩, দাহানি ৩-০-২২-১, ওয়াসিম ৪-০-২০-২, শাদাব ৪-০-২১-০, ইফতিখার ১-০-৫-০, নাওয়াজ ৪-০-৪৪-২)

পাকিস্তান: ১৮.২ ওভারে ১৪৯/৪ (রিজওয়ান ৪, বাবর ৭৯*, মাসুদ ০, শাদাব ৩৪, নাওয়াজ ১৬, হায়দার ১০*; বোল্ট ৪-১-২২-১, সাউদি ৪-০-২৪-১, টিকনার ৪-০-৪২-২, নিশাম ৩-০-২২-০, সোধি ২.২-০-৩১-০, ব্রেসওয়েল ১-০-৬-০)

ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: বাবর আজম