রান পাননি তামিম-মুমিনুল
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডেও রান খরায় ব্যাটসম্যানরা।
প্রথম রাউন্ডের ম্যাচে দুই ইনিংসেই হতাশ করেছিলেন তামিম ইকবাল। ব্যর্থতার ধারা দীর্ঘায়িত হলো আরও এক ইনিংস। তরুণ পেসার মুশফিক হোসেনের দুর্দান্ত এক ডেলিভারিতে তামিম বোল্ড হলেন ১৯ রান করে। রান পাননি টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকও।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের প্রথম ইনিংসে রংপুর বিভাগের দুই তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও মুশফিকের তোপে চট্টগ্রাম গুটিয়ে গেছে মাত্র ১২৬ রানে। দিন শেষে ২ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে ফেলেছে রংপুর।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার তামিম ও মাহমুদুল হাসান জয় আত্মবিশ্বাসী শুরু করেন। দ্বিতীয় ওভারে তিন বলের ব্যবধানে মুশফিককে চার-ছক্কায় ওড়ান মাহমুদুল। পরের ওভারে জোড়া বাউন্ডারি হাঁকান তামিম। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি।
মুশফিকের প্রথম শিকারে পরিণত হন ১১ রান করা মাহমুদুল। ইনিংসের দশম ওভারে দিনের প্রথম ঘণ্টার বিরতির আগেই বিদায় নেন তামিম। মুশফিকের অফ-মিডলে পিচ করে মুহূর্তেই ভেতরে ঢুকে যাওয়া ডেলিভারির কোনো জবাব ছিল না দেশসেরা ওপেনারের। তার ব্যাট থেকে আসে চারটি চারে ১৯ রান।
মুমিনুলও বেশিক্ষণ থাকতে পারেননি। তিনি করেন ১৩ রান। আলাউদ্দিন বাবুর অফ স্টাম্পের বাইরের বল মুমিনুলের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে জমা পড়ে স্লিপে দাঁড়ানো জাহিদ জাভেদের হাতে। সেই ওভারের পরের বলটি ভুল লাইনে খেলে বোল্ড হন শামীম হোসেন।
এরপর মুকিদুলের বোলিং তোপে একশ রানের নিচেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল চট্টগ্রামের ইনিংসে। তবে শেষ দিকে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলে দলকে শতরান পার করান। মুকিদুল নেন ৪ উইকেট, মুশফিকের শিকার তিন ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ৫০ ওভারে ১২৬ (তামিম ১৯, মাহমুদুল ১১, সাব্বির ১৩, মুমিনুল ১৩, ইরফান ১২, শামিম ০, নাইম ১২, মুরাদ ২৩, ইয়াসিন ২, মেহেদি ০, শরিফ ১০*; আলাউদ্দিন ১১-২-২৯-২, মুশফিক ১৬-৬-৪৬-৩, মুকিদুল ১৭-৫-৩৩-৪, নাসির ১-১-০-০, সোহরাওয়ার্দি ৫-১-১০-১)
রংপুর ১ম ইনিংস: ৩২ ওভারে ৯৬/২ (জাহিদ ১৩, মামুন ৩১, তানবীর ২৯*, নাইম ১৪*; মেহেদি ৯-২-৩৬-১, ইয়াসিন ৯-১-২৩-১, শরিফ ৬-১-২২-০, মুরাদ ৫-৩-৬-০, নাইম ৩-১-৮-০)
ফজলে রাব্বি ও সালমানের জোড়া ফিফটি
জাতীয় লিগে ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে উজ্জ্বল বরিশাল বিভাগের ফজলে মাহমুদ রাব্বি ও সালমান হোসেন ইমন। খুলনা বিভাগের বিপক্ষে দুজনই হাঁকিয়েছেন ফিফটি। দলকে নিয়ে গেছেন দুইশ ছাড়িয়ে তুলনামূলক নিরাপদ স্থানে। প্রথম দিন শেষে বরিশালের সংগ্রহ ৭ উইকেটে ২১০ রান।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই সাজঘরে ফিরে যান বরিশালের দুই ওপেনার রাফসান আল মাহমুদ (৬) ও মোহাম্মদ আশরাফুল (২)। তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন অধিনায়ক ফজলে রাব্বি ও সালমান।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৯তম ফিফটিতে ফজলে রাব্বি করেন ৬৩ রান। ২৭ বছর বয়সী সালমান তার ক্যারিয়ারের ১৬তম ফিফটিতে ২০১ বল খেলে করেন ৭৯ রান। এ দুজন ফেরার পর মইন খান ২২ ও আবু সায়েম চৌধুরী ১৪ রান করেন।
বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন আশিকুর জামান ও আব্দুল হালিম।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ৯০ ওভারে ২১০/৭ (রাফসান ৬, আশরাফুল ২, ফজলে রাব্বি ৬৩, সালমান ৭৯, মইন ২২, সোহাগ ৬, আবু সায়েম ১৪, কামরুল রাব্বি ৪*, তানভির ৪*; আশিকুর ১৬-৬-৪০-২, জিয়াউর ৬-১-১৬-১, আব্দুল হালিম ১২-২-৩৫-২, মৃত্যুঞ্জয় ১০-১-২৯-০, শেখ মেহেদি ১৫-৬-৩৪-১, টিপু ২৪-৯-৩২-১ ও নাহিদুল ৭-১-১৫-০)
ফের ৫ উইকেট নাবিলের
চট্টগ্রামের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে সিলেটের জয়ের নায়ক ছিলেন নাবিল সামাদ। দ্বিতীয় রাউন্ডে ধারাবাহিকতা বজায় রাখলেন ৩৬ বছর বয়সী এ অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৬ রানে ৫ উইকেট নিলেন তিনি।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬৩.১ ওভার খেললেও সব উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি করতে পারেনি ঢাকা বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার রনি তালুকদার। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল হাসান করেন ১৮ রান। সাইফ হাসান ১১৪ বল খেলে করেন ১২ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ১ম ইনিংস: ৬৩.১ ওভারে ১২৮ (আব্দুল মজিদ ১২, রনি ৩৭, সাইফ ১২, রকিবুল ১৮, তাইবুল ০, শুভাগত ৪, নাদিফ ১৯, মাহিদুল ৪, সুমন ১০, এনামুল ৫ ও নাজমুল অপু ০*; খালেদ ১৩-২-২৫-২, আবু জায়েদ ১৩.১-২-৪২-২, নাবিল ২৪-৭-৩৬-৫, তানজিম ১১-৪-১৫-১ ও শাহানুর ২-১-৬-০)
শফিকুল-নাহিদের তোপ সামলে আবু হায়দারের লড়াই
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে ঢাকা মেট্রোকে চেপে ধরেছিল রাজশাহীর বোলাররা। শফিকুল ইসলাম, নাহিদ রানা ও ফরহাদ রেজাদের তোপে ৪৫ রানেই ৬ উইকেট হারায় মেট্রো। সেখান থেকে লড়াই করে দলকে একশ পার করান আবু হায়দার রনি।
প্রথম দিন শেষে ১৩৪ রানে অলআউট হয়ে গেছে ঢাকা মেট্রো। বৃষ্টির কারণে দুই ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হওয়ার আগে ২৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান করেছে রাজশাহী। জুনায়েদ সিদ্দিক ৩২ ও তৌহিদ হৃদয় ২৬ রানে অপরাজিত রয়েছেন।
ঢাকা মেট্রোর পক্ষে দুই অঙ্ক ছুঁতে পারেননি সাদমান ইসলাম (১), মাহফিজুল ইসলাম রবিন (১), শামসুর রহমান শুভরা (৬)। অধিনায়ক মোহাম্মদ নাইম শেখ ৪৯ বলে ১০ ও মার্শাল আইয়ুব ২৫ বলে ১১ রান করলেও মাত্র ৪৫ রানেই ৬ উইকেট হারায় মেট্রো।
সেখান থেকে মোহাম্মদ শরিফুল্লাহ ও রাকিবুল ইসলামকে নিয়ে প্রতিরোধ গড়েন আবু হায়দার। অল্পের জন্য ফিফটি পাননি তিনি। ফরহাদ রেজার বলে শফিকুলের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ৪৭ রান। এছাড়া শরিফউল্লাহ ২২ ও রাকিবুলের ব্যাট থেকে আসে ২৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৫৫.৩ ওভারে ১৩৪ (সাদমান ১, মাহফিজুল ১, নাইম ১০, শামসুর ৬, মার্শাল ১১, জাহিদুজ্জামান ০, শরিফউল্লাহ ২২, আবু হায়দার ৪৭, রাকিবুল ২৩, মানিক ০, গালিব ৪*; শফিকুল ১১-৪-২২-২, নাহিদ ১৪-২-৩৬-৩, ফরহাদ ১১-৪-২০-৩, তাইজুল ১৯.৩-৫-৫১-২)
রাজশাহী ১ম ইনিংস: ২৯.২ ওভারে ৭২/২ (জহুরুল ৩, জুনায়েদ ৩২*, ফরহাদ ২, তৌহিদ ২৬*; আবু হায়দার ৬-১-১২-১, আসাদুল্লাহ গালিব ৭.২-১-১৬-১, ৬-০-১২-০, ৯-১-১৭-০, রাকিবুল ১-০-১০-০)
