হাফিজের অদ্ভুত মন্তব্যের জবাবে কামিন্স হেসে বললেন, ‘কুল…’
মেলবোর্ন টেস্টে পাকিস্তান ৭৯ রানে হারলেও কোচ মোহাম্মদ হাফিজ বলেছিলেন, অস্ট্রেলিয়ার চেয়ে তারাই বেশি ভালো খেলেছেন।
প্রশ্নটা শুনতে শুনতে মাথা নাড়ছিলেন প্যাট কামিন্স। এক পর্যায়ে হেসেই দিলেন। সেই হাসিতেই আসলে জবাবটা দেওয়া হয়ে গেল। তার পর মুখে আর কিছু না বললেও চলত। অস্ট্রেলিয়ান অধিনায়ক তবু ছোট্ট কথায় বুঝিয়ে দিলেন, ম্যাচের ফলাফল হয়ে যাওয়ার পর আসলে কারও কোনো মন্তব্যে কিছু যায়-আসে না।
মন্তব্যটি ছিল মোহাস্মদ হাফিজের। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া ৭৯ রানে জিতলেও পাকিস্তানের প্রধান কোচ ও টিম ডিরেক্টর দাবি করেন, এই টেস্টে ‘ইন-জেনারেল’ অস্ট্রেলিয়ার চেয়ে ভালো দল ছিলেন তারাই।
এই টেস্টে অবশ্য পাকিস্তান লড়াই জমিয়ে তোলে ভালোভাবেই। ম্যাচের বেশ কয়েকটি মোড়ে তারা দাপটও দেখায়। এমনকি শেষ ইনিংসেও এক পর্যায়ে জয়ের জন্য ৫ উইকেট নিয়ে ৯৮ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু অস্ট্রেলিয়া ঠিকই ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত বেশ পরিষ্কার ব্যবধানেই ম্যাচ জিতে নেয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বের কথা বলতে গিয়ে হাফিজ বলেন, এই টেস্টে তারাই শ্রেয়তর দল ছিলেন।
“দল হিসেবে আমরা বেশি ভালো খেলেছি। যেভাবে দল সম্ভাব্য সেরা পথে আগ্রাসী ক্রিকেট খেলেছে, আমি তাতে গর্বিত। গোটা ম্যাচের সারমর্ম যদি বলতে হয়, অন্য দলটির চেয়ে ‘ইন জেনারেল’ আমরা ভালো খেলেছি। আমাদের ব্যাটিং ‘ইন্টেন্ট’ ছিল ভালো এবং বোলিংয়েও আমরা ভালো জায়গায় বল করেছি।”
“হ্যাঁ, কিছু ভুল আমরা করেছি বটে এবং সেসবের মূল্যই আমাদের দিতে হয়েছে ম্যাচ হেরে। তবে দল হিসেবে আমার বিশ্বাস, ইতিবাচক অনেক কিছু আমরা করেছি, জয়ের জন্য যা যথেষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি।”
এমনকি সিরিজ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়েও হাফিজের কথায় ফুটে উঠল একই ইঙ্গিত।
“সিরিজ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাই, কারণ অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলেছে। তবে দল হিসেবে আমি সত্যিই গর্বিত যে পাকিস্তান দারুণ সাহস ও তাড়না দেখিয়েছে এবং ম্যাচ জয়ের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে খেলেছে। ওদরকে নিয়ে আমি সত্যিই গর্বিত।”
একটু পর অস্ট্রেলিয়ার হয়ে সংবাদ সম্মেলনে আসেন ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া কামিন্স। তাকে এক পর্যায়ে জানানো হয় হাফিজের সেই মন্তব্যের কথা। তা শুনে বেশ জোরেই হেসে ওঠেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। হাসতে হাসতেই মজার সুরে বলেন, “আহ… কুল… হ্যাঁ, তারা ভালো খেলেছে। তবে ভালো লাগছে যে আমরা জিতেছি…।”
তাকে তখন জিজ্ঞেস করা হয়, তিনি হাফিজের সঙ্গে একমত কি না। এবার বেশ সিরিয়াস হয়েই কামিন্সের উত্তর, “এতে কিছু যায়-আসে না… তাই না? দিন শেষে আসল ব্যাপার হলো, কোন দল জিতেছে।”
এই ম্যাচ হেরে ২৮ বছর ধরে অস্ট্রেলিয়ায় টানা ১৬ টেস্টে হারল পাকিস্তান। যে কোনো দলের জন্য যে কোনো দেশে টানা সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ড এটিই।
