২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ো ফিফটিতে আবার ম্যাচসেরা সাকিব

দুর্দান্ত পারফরম্যান্সে সিপিএলে পরপর দুই ম্যাচে গায়ানার জয়ের নায়ক বাংলাদেশের অলরাউন্ডার।

ঝড়ো ফিফটিতে আবার ম্যাচসেরা সাকিব

আরও একবার ম্যাচ সেরা পুরস্কার উঠল সাকিবের হাতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 10:43 AM

Updated : 26 Sep 2022, 04:28 PM

লক্ষ্য খুব বড় ছিল না গায়ানার জন্য। সেটিই আরও অনায়াস হয়ে গেল সাকিব আল হাসানের দুর্দান্ত ইনিংসে। আগের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া অলরাউন্ডার এবার ব্যাট হাতে ফিরলেন যেন নিজের সেরা চেহারায়। প্রথম দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ থেকে টানা দুই ম্যান অব দা ম্যাচ, বাংলাদেশ অলরাউন্ডারের ঘুরে দাঁড়ানো পেল পূর্ণতা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দুই ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়ের নায়ক সাকিব। বল হাতে ২.৩ ওভারে ১২ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে তিনি খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস।

সেরা ফর্মে থাকলে যেভাবে ব্যাট করেন সাকিব, এই ম্যাচে ফুটে ওঠে তার সবটুকুই। উইকেটের চারপাশে খেলেন দারুণ সব শট। ড্রাইভ, পুল, কাট, আপার কাট, কী ছিল না তার ব্যাটিংয়ে!

প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় সোমবার ভোরে শুরু হওয়া ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বারবাডোজ রয়্যালসকে ৫ উইকেটে হারায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

Image

দুর্দান্ত ইনিংসের পথে সাকিবের একটি শট।

আগের দিনই ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে গায়ানার জয়ে সাকিব ম্যাচসেরা হয়েছিলেন ৩ উইকেট নিয়ে ও ২৫ বলে ৩৫ রান করে।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ব্যাটিংয়ে খুব ভালো ছন্দে না থাকা সাকিবের এমন ফর্ম বিশ্বকাপের আগে দারুণ সুখবর বাংলাদেশ দলের জন্যও। 

সাকিব যোগ দেওয়ার আগে ৬ ম্যাচে স্রেফ ১টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় তলানিতে ছিল গায়ানা। সেই দলই টানা ৪ জয়ে প্রাথমিক পর্ব শেষ করল শীর্ষ দুইয়ে থেকে।

গায়ানার সবশেষ কয়েক ম্যাচের আগের ম্যাচগুলোয় বড় অবদান ছিল তাদের স্পিন আক্রমণের। তবে এই ম্যাচে জয়ের মঞ্চ গড়ে দেন পেসাররা। ম্যাচের প্রথম ওভারে কাইল মেয়ার্সকে ফেরান রোমারিও শেফার্ড, দ্বিতীয় ওভারে দুই উইকেট নিয়ে নেন কিমো পল।

আজম খান ও জেসন হোল্ডারের জুটি সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা করে। সাকিবকে আক্রমণে আনা হয় ষষ্ঠ ওভারে। ওই ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারেন হোল্ডার। পরে আরও একটি ওভার পান সাকিব। প্রথম ২ ওভারে রান দেন ১২।

Image

ব্যাট হাতে সাম্প্রতিক ব্যর্থতা পেছনে ফেলে আপন চেহারায় ফিরলেন সাকিব।

হোল্ডার ও আজমের ৫১ রানের জুটি ভাঙে আজমের রান আউটে। ২৪ বলে ২০ রান করেন পাকিস্তানি ব্যাটসম্যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। হোল্ডার ফেরেন ৩৯ বলে ৪২ রান করে।

৯৭ রানে ৯ উইকেট হারানো দলকে ১২৫ রান পর্যন্ত নিয়ে যায় শেষ জুটি। মুজিব উর রহমান ও র‌্যামন সিমন্ডসের এই জুটি ভাঙতে অষ্টাদশ ওভারে আবার আক্রমণে আনা হয় সাকিবকে। ১৪ বলে ১৫ রান করা মুজিবকে ফিরিয়ে তিনি থামিয়ে দেন বারবাডোজের ইনিংস।

তিন উইকেট নেন শেফার্ড, দুটি করে কিমো পল ও ওডিন স্মিথ।

রান তাড়ায় গায়ানার শুরুটাও ভালো হয়নি। চন্দ্রপল হেমরাজ বিদায় নেন প্রথম ওভারে। ১১ বলে ১৬ করে চতুর্থ ওভারে ফেরেন শেই হোপ। তবে সাকিবের পাল্টা আক্রমণে বিপাকে পড়তে হয়নি গায়ানাকে।

রহমানউল্লাহ গুরবাজ ও সাকিবের জুটি গায়ানাকে নিয়ে যায় জয়ের কাছে। আগের দুই ম্যাচে ঝড়ো ফিফটি করা গুরবাজ এ দিন ছিলেন কেবল যেন দর্শক। আগ্রাসী ব্যাটিংয়ে রান বাড়ানোর কাজটি করেন সাকিব।

উইকেটে যাওয়ার পরপর কাইল মেয়ার্সের বলে দৃষ্টিনন্দন ড্রাইভে চার মেরে সাকিব শুরু করেন। পরের ওভারে মুজিবকে চার মারেন সুইপে, এরপর ওবেড ম্যাককয়ের টানা দুই বলে চার ও ছক্কা।

আর থামাথামি নেই। বাঁহাতি পেসার র‌্যামন সিমন্ডসের টানা তিন বলে মারেন চার-ছক্কা-চার। হোল্ডারের বলে চোখধাঁধানো আপার কাট শটে ছক্কা মেরে ২৬ বলে স্পর্শ করেন তিনি ফিফটি। এই সংস্করণে যা তার ২৪তম।

একটু পরই ম্যাককয়ের বলে উড়িয়ে মেরে তিনি ধরা পড়েন নাজিবউল্লাহ জাদরানের হাতে। তবে দল তখন জয়ের কাছে। তৃতীয় উইকেটে ৪৪ বলে ৭৯ রানের জুটিতে গুরবাজ করেন স্রেফ ১৪ বলে ১৬ রান, সাকিবের অবদান ৩০ বলে ৫৩।

গুরবাজও পরে আউট হন ২৫ বলে ২২ করে। তবে গায়ানা জিতে যায় ৩৩ বল বাকি রেখে।

এই ম্যাচের দুই দলই প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায়।