৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

দ্রুততম ডাবল সেঞ্চুরিতে গিলের ইতিহাস

চারশর বেশি রান তাড়ায় রেকর্ডের জোয়ার বইয়ে দিয়ে ডাবল সেঞ্চুরি করলেন ভারতীয় অধিনায়ক।

দ্রুততম ডাবল সেঞ্চুরিতে গিলের ইতিহাস

ওয়ানডেতে দ্বিতীয়বার ২০০ ছুঁয়ে শুবমান গিল। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 10:29 PM

Updated : 30 Sep 2026, 10:46 PM

ভাইটেল লজের বলটি লং-অনে খেলেই ছুট দিলেন শুবমান গিল। রান পূর্ণ করার আগেই লাফিয়ে উঠে ছুঁড়লেন হুঙ্কার। পুরো স্টেডিয়াম তখন মুখরিত করতালিতে। ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালেন সতীর্থরা। অসাধারণ ব্যাটিংয়ে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি উপহার দিলেন ভারত অধিনায়ক।

গুয়াহাটিতে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন গিল। ১১৭ বলে মাইলফলকটি স্পর্শ করেন তিনি। এই সংস্করণের ইতিহাসে যা দ্রুততম।

এই তালিকায় গিল ছাড়িয়ে গেছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান ইশান কিষানকে। বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালে ১২৬ বলে দ্বিশতক করেন তিনি। গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে চোট নিয়ে অতিমানবীয় ব্যাটিংয়ে ১২৮ বলে ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের ২০১ রানের অপরাজিত ইনিংসটি ছিল রান তাড়ায়। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রান তাড়ায় ডাবল সেঞ্চুরি করলেন গিল।

এনিয়ে দ্বিতীয়বার ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০৮ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ওয়ানডে ইতিহাসে একাধিক ডাবল সেঞ্চুরি করা স্রেফ দ্বিতীয় ক্রিকেটার গিল। তিনটি দ্বিশতক করার রেকর্ড ভারতের তারকা ওপেনার রোহিত শার্মার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এদিন সেঞ্চুরি করেছেন তিনি।

টেস্টেও ডাবল সেঞ্চুরি আছে গিলের। অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডেতে সেঞ্চুরি করা ইতিহাসের প্রথম ক্রিকেটার তিনি।

ওয়েস্ট ইন্ডিজের ৪০৫ রান তাড়ায় দলকে উড়ন্ত সূচনা এনে দেন গিল। ৩৮ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। এরপর আরও দ্রুত রান বাড়িয়ে ৬২ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। আগের ম্যাচেও তিন অঙ্ক ছোঁয়া ইনিংস খেলেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।

সেঞ্চুরি করে রোহিত বিদায় নিলেও, আপন রূপে এগিয়ে যান গিল। ৮৯ বলে দেড়শতে পা রাখেন তিনি। ওয়ানডেতে একশর কম বলে ১৫০ স্পর্শ করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান তিনি।

আর ৩৯তম ওভারে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন গিল। ২২৩ রানের অসাধারণ ইনিংসে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি।

২৬টি চার ও আটটি ছক্কায় ১৩৩ বলের ইনিংসটি সাজান গিল।