০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন নাসুম আহেমদ।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি

নাসুম আহমেদ (বাঁয়ে) ও শেখ মেহেদি হাসান। ছবি: নাসুম ও মেহেদির ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 03:41 PM

Updated : 07 Oct 2026, 03:41 PM

এশিয়ান গেমস ক্রিকেটে দলের ভরাডুবি হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের কয়েকজন। বোলারদের তালিকায় শীর্ষে দশে ঢুকেছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি।

এশিয়ান গেমসের সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে একটি করে উইকেট নেন অফ স্পিনার মেহেদি ও বাঁহাতি স্পিনার নাসুম।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে স্রেফ ১৯ রান দিয়ে দুই উইকেট নেন মেহেদি। সেদিন কোনো শিকার ধরতে পারেননি নাসুম, ২ ওভার করে দেন কেবল ৮ রান।

এই পারফরম্যান্সে ১০ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন মেহেদি। এই সংস্করণে তার আগের সেরা অবস্থান অষ্টম।

তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে আছেন নাসুম। এই সংস্করণে দশম স্থান ছিল তার আগের সেরা অবস্থান।

এশিয়ান গেমসের দুই ম্যাচেই একটি করে উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার এখন আছেন ২৬ নম্বরে।

ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের কেবল তাওহিদ হৃদয়ের উন্নতি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ৪২ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রান করে তিন ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৩০তম।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে এখনও তানজিদ হাসান। চার ধাপ পিছিয়ে এই ওপেনার যৌথভাবে আছেন ২১তম স্থানে।

অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ৩৯তম স্থানে আছেন মেহেদি। তার উপরে নেই বাংলাদেশের কেউ।