মাহমুদউল্লাহকে সিদ্ধান্ত জানানোর ‘ব্যাড ম্যান’ যখন শ্রীরাম
অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদ পড়ার খবর দেওয়ার কঠিন কাজটি পালন করতে হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে শ্রীধরন শ্রীরামকে। তবে সবচেয়ে কঠিন কাজটি সম্ভবত তাকে পালন করতে হয়েছে এবার। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে বাদ পড়ার খবরটি মাহমুদউল্লাহকে পৌঁছে দেওয়ার দায়িত্বটি যে পড়েছিল তার ওপই।
মাহমুদউল্লাহর যে ফর্ম, তাতে দলে তার জায়গা নড়বড়ে অনেক দিন থেকেই। বাদ পড়াটাও বিস্ময়কর নয় মোটেও। তবে ১৫ বছর দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ক্রিকেটার, কিছুদিন আগেও যিনি ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক, দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাও তার, এমন একজনকে বিশ্বকাপ দলের বাইরে রাখার কথা বলা এবং পুরো ব্যাপারটি সামলানো কিছুটা চ্যালেঞ্জিং বটে।
শ্রীরাম নিজেও সেটি অনুভব করেছেন। যদিও বাংলাদেশের ক্রিকেটে তার সম্পৃক্ততা মাত্র কিছুদিনের। মাহমুদউল্লাহর সঙ্গে খুব বেশি কাজের অভিজ্ঞতাও তার নেই। তাই মানসিক কোনো বাধা থাকার কথা নয়। তবে বাংলাদেশের ক্রিকেটে মাহমুদউল্লাহর ওজনটা তো তিনি জানেন!
শ্রীরামের জন্যও তাই কাজটি ছিল চ্যালেঞ্জিং। বাংলাদেশ দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বুধবার সেই অভিজ্ঞতা শোনালেন টেকনিক্যাল কনসালটেন্ট।
“এই ধরনের আলোচনা কখনোই সহজ নয়। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন, এমন একজনকে এই সিদ্ধান্তের কথা জানানো কঠিন। মাহমুদউল্লাহর প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। তবে আমাকেই এখানে ‘ব্যাড ম্যান’ হতে হয়েছে, তাকে জানাতে হয়েছে। আসলে আমাদের দায়িত্বেরই অংশ এটি।”
“স্রেফ আমারই সিদ্ধান্ত নয়, আরও কয়েকজন ছিল প্রক্রিয়ার অংশ। তবে আমাকে তাদের একজন হতে হয়েছে। অবশ্যই খুব সহজ আলোচনা ছিল না। তবে আমার মনে হয়, সব মিলিয়ে ভালোভাবেই হয়েছে।”
