শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন প্রাসিধ
ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও এই পেসারকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।
গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডময় ম্যাচে জয়ের পর দুঃসংবাদ পেয়েছে ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন দলটির পেসার প্রাসিধ কৃষ্ণা।
আগামী শনিবার চান্ডিগাড়ে হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের তৃতীয় ওয়ানডে। ম্যাচটির জন্য প্রাসিধের বদলি হিসেবে আনশুল কাম্বোজকে দলে ডেকেছে স্বাগতিকরা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়ার আগে পাঁচ ওভার বোলিং করেন প্রাসিধ। ৪৫ রান খরচায় একটি উইকেট নেন ৩০ বছর বয়সী ক্রিকেটার।
ক্রিকবাজ জানিয়েছে, প্রাসিধের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত নয়। তবে, প্রাথমিক পর্যবেক্ষণে ইতিবাচক কিছু পাওয়া যায়নি। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তাতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।
ম্যাচ চলাকালে প্রাসিধের পেশিতে টান লেগেছে বলে জানান ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক, “সম্ভবত আগামীকাল তার স্ক্যান করানো হবে।”
বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের উদ্দেশে বৃহস্পতিবার রওয়ানা দেওয়ার কথা প্রাসিধের। সেখানে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার পর তার চোটের সঠিক অবস্থা জানা যাবে।
প্রাসিধের অনুপস্থিতিতে পরের ম্যাচের একাদশে সুযোগ পেতে পারেন মোহাম্মেদ সিরাজ। প্রথম দুই ম্যাচে তাকে না খেলানোয় চলছে আলোচনা।
দলে ডাক পাওয়া আনশুল এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটের স্বাদ পাননি। ২৫ বছর বয়সী এই পেসারের ২০২৫ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয়। ক্যারিয়ারে একমাত্র আন্তর্জাতিক ম্যাচটিতে একটি উইকেট নিতে পারেন তিনি।
