২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে মিরাজ-নাঈম-শরিফুলের উন্নতি

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে পেসার শরিফুল ইসলাম এগিয়েছেন ৯ ধাপ।

র‍্যাঙ্কিংয়ে মিরাজ-নাঈম-শরিফুলের উন্নতি

বাঁ থেকে মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও শরিফুল ইসলাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 04:30 PM

Updated : 13 Dec 2023, 05:42 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের বোলিং পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও শরিফুল ইসলাম। তাদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন পেসার শরিফুল, এগিয়েছেন ৯ ধাপ। 

জয়ের আশা জাগিয়েও কিউইদের কাছে ৪ উইকেটে হারা দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে দুটি এবং দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন শরিফুল। বুধবার আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৫৮তম স্থানে আছেন ২২ বছর বয়সী বাঁহাতি এই পেসার। 

প্রথম ইনিংসে ২টি উইকেট নেওয়া নাঈম এগিয়েছেন ৫ ধাপ। ২৩ বছর বয়সী এই অফ স্পিনার র‍্যাঙ্কিংয়ে আছেন ৪৪তম স্থানে। দুই ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ। মিরপুরে দুই ইনিংসেই তিনি নেন ৩টি করে উইকেট। 

আগের মতোই ১৪ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচে তিনি নেন ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট নেওয়া নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল সাত ধাপ এগিয়ে ৩৩তম স্থানে আছেন।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস। একশর বাইরে থেকে ৫৯ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠে এসেছেন তিনি।

২৭ বছর বয়সী এই অলরাউন্ডার মিরপুরে প্রথম ইনিংসে খেলেন ৮৭ রানের ঝড়ো ইনিংস। পরে রান তাড়ায় সপ্তম উইকেটে মিচেল স্যান্টনারের সঙ্গে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে দলকে জেতানোর পথে ৪০ রানের মূল্যবান ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনিই। 

এছাড়া হাত ঘুরিয়ে ৩ উইকেট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪২ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন ফিলিপস। 

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথারীতি নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। বোলারদের তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিন আর অলরাউন্ডাদের র‍্যাঙ্কিংয়ে একই দেশের রবীন্দ্র জাদেজা শীর্ষস্থান ধরে রেখেছেন। 

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন সুরিয়াকুমার ইয়াদাভ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মঙ্গলবার ৩৬ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন টানা দ্বিতীয় সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া এই বিস্ফোরক ব্যাটসম্যান। 

 এতে ১০ রেটিং পয়েন্ট বেড়ে সুরিয়াকুমারের মোট রেটিং হয়েছে ৮৬৫। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের রেটিং ৭৮৭। 

ভারতের হারের ওই ম্যাচে ৩৯ বলে ক্যারিয়ার সেরা অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলে ৪৬ ধাপ এগিয়েছেন রিঙ্কু সিং। তিন জনের সঙ্গে যৌথভাবে ৫৯তম স্থানে আছেন তিনি। 

২৭ বলে ৪৯ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার নায়ক রিজা হেনড্রিকস এক ধাপ এগিয়ে আট নম্বরে আছেন। শীর্ষ দশে পরিবর্তন এই একটিই। 

কিছুদিন আগে এই সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা লেগ স্পিনার রাভি বিষ্ণই দক্ষিণ আফ্রিকা সফরে এখনও খেলার সুযোগ পাননি। এখন তার সমান ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান। 

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসি দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৮ রান দিয়ে সুরিয়াকুমারের উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিনি। 

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন সাকিব আল হাসান।