‘সহজাত স্ট্রোক প্লেয়ার’ নাঈমকে আগ্রাসী মানসিকতায় চান শ্রীরাম
মোহাম্মদ নাঈম শেখের রান ও স্ট্রাইক রেট নিয়ে চিন্তিত নন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট।
টি-টোয়েন্টিতে সবশেষ নয় ইনিংসে মাত্র একটিতে স্ট্রাইক রেট স্পর্শ করেছে একশ। শটের পরিধিও বেশ সীমিত। এমন একজন ব্যাটসম্যানকে সহজাত স্ট্রোক প্লেয়ার বলা কঠিন। তবে মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের মূল্যায়ন এমনই।
দেশের হয়ে ৩৪ টি-টোয়েন্টিতে নাঈমের রান ৮০৯। স্ট্রাইক রেট কেবল ১০৩.৭১। দেড়শ ছাড়ানো স্ট্রাইক রেটের ইনিংস খেলতে পেরেছেন স্রেফ একটি, সেটিও ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে ৮১ রানের ইনিংসে। একশ ছোঁয়া বাকি ১৩ ইনিংসের ৯টিতেই স্ট্রাইক রেট ১২০-এর নিচে।
বাংলাদেশের হয়ে এই সংস্করণে তার ৩৪ ইনিংসের ২০টিতেই স্ট্রাইক রেট একশর নিচে।
নিজের জোনে বল পেলে বাউন্ডারি মারতে পারেন বটে, স্লটে পেলে বড় ছক্কাও মারতে পারেন। তবে উদ্ভাবনী কিছু করার চেষ্টা তাকে খুব একটা করতে দেখা যায়নি। দুর্বলতা আছে প্রান্ত বদল করে খেলায়। আক্রমণাত্মক ব্যাটিংয়ের ছাপ খুব একটা দেখা যায় না তার ইনিংসে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবশেষ যা খেলেছেন, পারফরম্যান্স যাচ্ছেতাই। গত বিপিএলে তিনি মিনিস্টার গ্রুপ ঢাকা দলে জায়গা পেতেই ধুঁকেছেন। ৭ ইনিংসে ৮.৩৩ গড়ে তার রান কেবল ৫০, স্ট্রাইক রেট মোটে ৬৫.৭৮!
দেশের হয়ে সবশেষ ৯ টি-টোয়েন্টিতে তার নেই কোনো ফিফটি। এই সময়ে স্রেফ ১২.৫৫ গড়ে তার রান ১১৩, স্ট্রাইক রেট অবিশ্বাস্যরকমের খারাপ (৮১.৮৮)।
লিটন দাসের চোট ও অন্য ওপেনারদের ব্যর্থতায় বাধ্য হয়ে নাঈমকে দলে ফেরান নির্বাচকরা। তরুণ ওপেনার পারভেজ হোসেন দলে থাকলেও আগামী মঙ্গলবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে এনামুল হকের সঙ্গে নাঈমেরই ওপেনিংয়ে নামা অনেকটাই নিশ্চিত।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তরুণ এই ব্যাটসম্যানের হয়ে ব্যাট করলেন শ্রীরাম।
“নাঈম শেখ সহজাত স্ট্রোক প্লেয়ার। ওর কাছে আমাদের কী প্রত্যাশা, সেসব খুব পরিষ্কার করে জানানো হয়েছে তাকে। আমি নিশ্চিত, সে মাঠে গিয়ে নিজের সহজাত ক্রিকেটটা খেলবে, যেটা হলো শট খেলা।”
“আমরা ওর পরিসংখ্যান বা অন্য কিছু নিয়ে চিন্তিত না। আমরা চাই, পরিস্থিতি অনুযায়ী খেলুক, যত দ্রুত সম্ভব কন্ডিশন বুঝতে পারুক, ব্যাটিংয়ে সঙ্গে যোগাযোগ রাখুক এবং নিজের ভূমিকা পালন করুক।”
