২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে স্টোকসের ব্যাটিং কাজে লাগাতে চান বাটলার

অস্ট্রেলিয়ায় ওপরের দিকে ব্যাটিং করবেন বেন স্টোকস, জানিয়ে দিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 07:58 PM

Updated : 08 Oct 2022, 07:58 PM

কিছুদিন আগে ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করবেন বেন স্টোকস। এবার অধিনায়ক জস বাটলারের কণ্ঠেও একই সুর। ইনিংসের শুরুর দিকে এই অলরাউন্ডারের পাওয়ার হিটিংকে কাজে লাগাতে চান তারা। 

ইংল্যান্ডের হয়ে স্টোকসের টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ২৮ ইনিংসে তিনি ৪৪২ রান করেছেন ২০.৯ গড় আর ১৩৬.৮৮ স্ট্রাইক রেটে। ফিফটি নেই একটিও। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৪৭। 

বেশিরভাগ ইনিংসেই তিনি ব্যাটিং করেছেন পাঁচ কিংবা ছয় নম্বরে। শীর্ষ চারে ব্যাটিং করেছেন কেবল তিনবার। তিন নম্বরে নেমে ওই তিন ইনিংসে তার রান ৩১, ৫ ও ১৫। তবে ২০২০ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করে বেশ সফল হন তিনি। ২০ ওভারের ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন সেবারই। 

গত জুলাইয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেওয়া স্টোকস ইংল্যান্ডের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালের মার্চে। রোববার পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে ১৮ মাস পর এই সংস্করণে ফিরতে যাচ্ছেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার। 

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ইংল্যান্ডের শেষ সিরিজ। তিন ম্যাচের সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাটলার বলেন, যতটা সম্ভব স্টোকসকে ওপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ দিতে চান তারা।       

“বেন স্টোকস এমন একজন ক্রিকেটার, যাকে আমরা যতটা সম্ভব ম্যাচে প্রভাব রাখার সুযোগ দেওয়ার চেষ্টা করতে চাই। তাকে যতটা সম্ভব (ব্যাটিংয়ে) ওপরের দিকে তুলে আনার চেষ্টা করব। তাকে যতটা সম্ভব দায়িত্ব দিতে এবং সেরাটা বের করে আনতে তার মতো করে খেলার সুযোগ দিতে হবে।” 

পাকিস্তান সফরে ৪-৩ ব্যবধানে জেতা ইংল্যান্ডের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বাটলার খেলতে পারেননি চোটের কারণে। এখন তিনি শতভাগ ফিট বলেই জানান বিস্ফোরক এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া সিরিজে তাকে ওপেনিংয়ে জায়গা দিতে ফিল সল্ট কিংবা অ্যালেক্স হেলসের একজনকে বাইরে যেতে হবে। এই দুজন পাকিস্তান সফরে ওপেন করেছিলেন। 

অ্যাঙ্কেলের চোটে বাইরে থাকা লিয়াম লিভিংস্টোনের সহসায় ফেরা হচ্ছে না। বিশ্বকাপেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। বাটলার অবশ্য আশা করছেন, টুর্নামেন্ট শুরুর আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই অলরাউন্ডার।